ইয়ামালের সামনে চ্যালেঞ্জ কী, বললেন লেভানদোভস্কি
‘এমন প্রতিভা কখনও দেখিনি’, তরুণ ইয়ামালকে স্তুতির জোয়ারে ভাসালেন অভিজ্ঞ ফরোয়ার্ড।
দুই দশকের পেশাদার ক্যারিয়ারে বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ কিংবা বার্সেলোনা- সব জায়গায় অনেক তরুণ প্রতিভার সঙ্গে খেলেছেন রবের্ত লেভানদোভস্কি। তবে লামিনে ইয়ামালের মতো কাউকে কখনও দেখেননি তিনি। প্রথম দেখাতেই এই তরুণের সামর্থ্য সম্পর্কে ধারণা পেয়ে যান পোলিশ তারকা। অল্প বয়সেই স্পেন ও বার্সেলোনা দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা ইয়ামালের ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়েও বললেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।
বার্সেলোনার হয়ে ১৫০তম ম্যাচ খেলার অপেক্ষায় লেভানদোভস্কি। রোববার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।
জার্মানি শীর্ষ দুই ক্লাব ডর্টমুন্ড ও বায়ার্নের আঙিনা রাঙিয়ে ২০২২ সালের মাঝামাঝি বার্সেলোনায় নাম লেখান লেভানদোভস্কি। সম্প্রতি ‘দা টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানেই উঠে আসে ইয়ামালকে তার প্রথম দেখার প্রসঙ্গ।
“এখানে আমার প্রথম অনুশীলন সেশনে (ইয়ামালকে প্রথম দেখি), লামিনের বয়স ছিল ১৫ বছর। তখন মৌসুম শেষের দিকে এবং কিছু খেলোয়াড় দলের জন্য চেষ্টা করছিল। লামিনে একজন অভিজ্ঞ লেফট-ব্যাকের বিপক্ষে খেলছিল এবং যেভাবে চাইছিল, তাই সে করছিল। আমি অনেক ভালো খেলোয়াড় দেখেছি, যাদের শুরুতে সময়ের প্রয়োজন হতো, কিন্তু লামিনের তা লাগেনি। ওই বয়সে এমন প্রতিভা কখনও দেখিনি আমি।”
গত মৌসুম থেকে ইয়ামালকে নিয়ে এমন মন্তব্য করেছেন আরও অনেকেই। গত মৌসুমে বার্সেলোনার তিন শিরোপা জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান। বড় অবদান রেখেছিলেন ২০২৪ সালে স্পেনের ইউরো জয়েও। চোটে পড়ার আগে চলতি মৌসুমেও দারুণ ছন্দে ছিলেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
এখন ইয়ামালের সামনে বড় চ্যালেঞ্জ কী হবে, সেটাও তুলে ধরলেন ৩৭ বছর বয়সী লেভানদোভস্কি।
“তার চ্যালেঞ্জ হবে তিন বা তারও বেশি বছর পরেও ক্ষুধার্ত থাকা। তবে প্রত্যাশা অনুযায়ী খেলাটা ধরে রাখা ও সামাজিক মাধ্যম সামলানো তার জন্য কঠিন হতে পারে। এখন অনেক বেশি ম্যাচ হয়, তীব্রতাও খুব বেশি। আমার সংশয় আছে যে, সর্বোচ্চ স্তরে ১৬ বছর বয়সে শুরু করে ২০ বছর টিকে থাকতে পারবে সে।”
