২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমে চার ট্রফির হাতছানি, প্রথমটির সুবাসে রোমাঞ্চিত আর্তেতা

ছয় বছরের ট্রফি খরা ঘোচাতে ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 02:12 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ছয় বছর ধরে দেখা নেই কোনো ট্রফির। দীর্ঘ সেই খরা শেষে এবার প্রবল বর্ষণের সম্ভাবনা। এই মৌসুমেই ধরা দিতে পারে চার-চারটি ট্রফি! সেই অভিযানের প্রথম ট্রফির অপেক্ষায় এখন আর্সেনাল। লিগ কাপের ফাইনালের আগে রোমাঞ্চে টইটম্বুর কোচ মিকেল আর্তেতা বলছেন, শিরোপার রঙে মাখামাখি হতে প্রস্তুত তিনি ও তার দল। 

ইংলিশ লিগ কাপের ফাইনালে রোববার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

২০২০ এফএ কাপ জয়ের পর আর কোনো শিরোপার স্বাদ পায়নি আর্সেনাল। এই ক্লাবের দায়িত্বে সাত বছরের পথচলায় আর্তেতার একমাত্র ট্রফিও সেটিই।

এরপর হতাশাময় একের পর এক মৌসুম শেষে এবার আর্সেনাল অন্যরকম। আর্তেতার আত্মবিশ্বাসও তাই তুঙ্গে। ফাইনালের আগে কোচ বললেন, শেষ ধাপও জয় করতে মুখিয়ে আছে তার দল। 

“আমি পুরোপুরি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী যে, আমরা এটা (ট্রফি জয়) করে দেখাব। যখন গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে এবং যখন কোনো ট্রফি জয় করে এনে ঘরে তোলার মুহূর্ত আসে, ঠিক তখনই সামনে এগিয়ে পার্থক্য গড়ে দিতে হয়।”

“এজন্যই আমরা সবাই খুব রোমাঞ্চিত, কারণ আমরা জানি কোন উপহার আমাদের অপেক্ষায়। এখন মূল লক্ষ্য হলো পরবর্তী পদক্ষেপ, পরবর্তী ম্যাচ। মার্চের শেষ প্রান্তে এসেও চারটি প্রতিযোগিতায় আমাদের সম্ভাবনা জিইয়ে আছেই, এটিই অনেক কিছু বলে দেয় দল সম্পর্কে। (মৌসুমের) নির্ধারক মুহূর্তগুলির একটি এটি, কারণ শেষ পর্যন্ত মূল ব্যাপার হলো, ট্রফি জিততে পারছি কি না। আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা পরিষ্কার আর সেটা মাঠেই করে দেখাতে হবে।”

২২ বছর পর এবার আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সম্ভাবনা দারুণ উজ্জ্বল। এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে তারা জায়গা করে নিয়েছে কোয়ার্টার-ফাইনালে। ‘কোয়াড্রপল’ জয়ের ইতিহাস গড়ার হাতছানি তাদের সামনে আছে। 

তবে সেই প্রসঙ্গটি তুলতেই এড়িয়ে যেতে চাইলেন কোচ আর্তেতা।

“নাহ (কোয়াড্রপল ভাবনা নেই)… আমরা জানি যে, প্রতিটি ম্যাচ ধরে ও ট্রফি ধরে এগোতে হবে আমাদের।”

“অবশ্যই এটা কল্পনা করতেই পারি যে, রোববার আমরা জিততে পারলে ব্যাপারটা কত চমৎকার হবে। আমরা সবাই যখন একসঙ্গে থাকব এবং সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেব, আমাদের সবার জন্য তা হবে দারুণ প্রাণশক্তি ও বিশ্বাসের উৎস। ঠিক এই কারণেই আমরা এটা এত তীব্রভাবে চাই। ট্রফি জয় করতে পারা এসব ক্ষেত্রে সবসময় সহায়ক হয়। এটা আত্মবিশ্বাসের জোগান দেয়, এই অনুভূতি দেয় যে, যখন সেই মুহূর্তটি আসবে, আমরা করে দেখাতে পারব।”

এই ফাইনালে আর্তেতার প্রতিপক্ষ তার মেন্টর ও গুরু পেপ গুয়ার্দিওলা। গত সাত বছরে অনেকবারই মুখোমুখি হয়েছেন দুজন। তারপরও ফাইনালের আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুললেন না আর্সেনাল কোচ।

“পেপের সঙ্গে, তার সব স্টাফ এবং একটি অসাধারণ ক্লাবে চার বছর কাজ করার অবিশ্বাস্য সৌভাগ্য আমার হয়েছিল। আমার সত্তার একটি অংশ হয়ে থাকবে তা, কারণ এটি আমার পথচলার এবং ম্যানেজার হিসেবে আমার আজকের অবস্থানের একটি অংশ।”