২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসের উদযাপনে সমস্যার কিছু দেখেন না রেয়াল মাদ্রিদ কোচ

‘ভুক্তভোগীকে আমরা উস্কানিদাতা হিসেবে চিত্রিত করতে পারি না’, বললেন রেয়াল মাদ্রিদ কোচ

ভিনিসিউসের উদযাপনে সমস্যার কিছু দেখেন না রেয়াল মাদ্রিদ কোচ
ভিনিসিউসের উদযাপনের দিকে ইঙ্গিত করেছিলেন জোসে মরিনিয়ো। ছবি:রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 01:18 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ভিনিসিউস জুনিয়রের উদযাপন নিয়ে জোসে মরিনিয়োর বিতর্কিত মন্তব্যের সরাসরি কোনো জবাব দিতে চান না আলভারো আরবেলোয়া। তবে রেয়াল মাদ্রিদ কোচ এটিও বললেন, এই উদযাপনে বাড়াবাড়ি ছিল না এবং এরকম উদযাপন শত শত বার দেখা দেখা গেছে ফুটবল মাঠে। ভুক্তভোগীকে উস্কানিদাতা হিসেবে ফুটিয়ে তোলার প্রয়াসের সমালোচনাও করলেন তিনি। 

ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণের চলমান বিতর্কে বাড়তি আলোচনার খোরাক জুগিয়েছে মরিনিয়োর মন্তব্য। বেনফিকার সমর্থকদের সামনে গিয়ে উদযান করেই রেয়াল মাদ্রিদের এই তারকা প্রতিপক্ষকে উসকে দিয়েছেন বলে মন্তব্য করেন বেনফিকা কোচ। তার সেই মন্তব্যের তীব্র সমালোচনা করে এটিকে ‘বিশাল ভুল’ বলেছেন বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানি। 

লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে আরবেলোয়ার কাছেও জানতে চাওয়া হয় ওই দুই কোচের মন্তব্য নিয়ে। রেয়াল মাদ্রিদ কোচ বললেন, বর্ণবাদী আচরণকে কোনোভাবেই ন্যায্য প্রমাণ করা উচিত নয়।

“অন্যরা কী বলছে, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। সেটা কম্পানি হোক বা জোসে কিংবা অন্য যে কেউ। সবারই নিজের মতামত দেওয়ার অধিকার আছে। আমি আমার ভাবনা জানাচ্ছি।”

“ভিনি অসাধারণ এক গোল করেছে এবং যেভাবে উদযাপন করেছে, এরকম উদযাপন আমরা শত শতবার দেখেছি। ভুক্তভোগীকে আমরা উস্কানিদাতা হিসেবে চিত্রিত করতে পারি না। বর্ণবাদী আচরণকে ন্যায্যতা দেওয়ার মতো এমন কিছুই ভিনি করেনি।”

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ওই ম্যাচে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন ভিনিসিউস। খেলা বন্ধ থাকে তখন ১০ মিনিটের বেশি সময়। ম্যাচের পর কিলিয়ান এমবাপে দাবি করেন, জার্সিতে মুখ ঢেকে ভিনিকে পাঁচবার ‘বানর’ বলেছেন প্রেস্তিয়ান্নি।

পরে বিতর্কের আগুনে ঘি ঢালেন মরিনিয়ো। বর্ণবাদী আচরণ হয়ে থাকলে তা ভিনিসিউসই উসকে দিয়েছেন বলে ইঙ্গিত দেন বেনফিকা কোচ।

“ভিনিসিউস যে গোলটি করেছে, এটা কেবল সে ও এমবাপেই করতে পারে। এমন একটি গোলের পর ভিনির উচিত ছিল সতীর্থদের দিকে ছুটে যাওয়া, সতীর্থদের কাঁধে ঝাপিয়ে পড়া… ৬০ হাজার দর্শকের সঙ্গে ঝামেলা পাকানোর প্রয়োজন ছিল না।”

“কতগুলি স্টেডিয়ামে এরকম ঘটনা ঘটেছে? কয়টিতে? এই ক্লাবের সর্বকালের সেরা তারকা ইউসেবিও (কৃষ্ণাঙ্গ), কাজেই এই ক্লাব বর্ণবাদী নয়। ভিনি অসাধারণ ফুটবলার, আমি তাকে খুবই পছন্দ করি। তবে এরকম গোলের পর সতীর্থদের কাছে যাওয়া উচিত ছিল। কিছু একটা অবশ্যই ঠিকঠাক হচ্ছে না। সে অসাধারণ এক গোল করেছে। আমি তাকে বলেছি, এমন গোলের পর ইউসেবিও, পেলে বা দি স্তেফানোর মতো করে কেন উদযাপন করেনি?”

গোলের পর কর্নার স্ট্যান্ডের কাছে গিয়ে কোমর দুলিয়ে নেচে উদযাপন করেন ভিনিসিউস। গ্যালারির এই প্রান্ত ঠাসা ছিল বেনফিকার সমর্থকদের দিয়ে।

ম্যাচের পর থেকে এসব নিয়ে বিতর্ক চলছেই। ফুটবল বিশ্বজুড়ে অনেকেই তাদের মতামত জানিয়েছেন। সময়ের পালায় রেয়ালের আরেকটি ম্যাচও চলে এসেছে। তবে ভিনিসিউসের ক্ষোভ এখনও স্তিমিত হয়নি বলেই জানালেন রেয়াল মাদ্রিদের কোচ।

“আর সবার মতোই খুবই হতাশ এবং সবকিছুর ওপরে সে প্রচণ্ড ক্ষুব্ধ। অবশ্যই এটি বর্ণবাদী আচরণ ছিল, যেটির পুনরাবৃত্তি আমরা হতে দিতে পারি না। আমাদের খেলা ও এই সমাজে এটির কোনো জায়গা নেই। পুনরাবৃত্তি যাতে না হয়, সেটি নিশ্চিত করার বড় সুযোগ আমাদের সামনে।”