০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সিটিতে যোগ দিয়ে ফের্নান্দেস বললেন, ‘এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না’

ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড স্পর্শ করে দলবদলের শেষ সময়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখালেন আর্জেন্টাইন তারকা এন্সো ফের্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 12:19 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার সময় পেরিয়ে গেলেও ঘোষণা আসছিল না। তবে ততক্ষণে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েই গেছে। সামাজিক মাধ্যমে চেলসিকে বিদায় বলেও ফেলেছেন এন্সো ফের্নান্দেস। অবশেষে উইন্ডো বন্ধ হওয়ার আধ ঘণ্টা পর এলো আনুষ্ঠানিক ঘোষণা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এখন ম্যানচেস্টার সিটির। 

২৫ বছর বয়সী তারকার সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি ৫ বছরের। চুক্তির আর্থিক বিষয়াদি প্রকাশ না করা হলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সাড়ে ১২ কোটি পাউন্ডে (১৬ কোটি ৮ লাখ মার্কিন ডলার) হয়েছে এই দলবদল। ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড স্পর্শ হয়েছে এতে। 

এবারের গ্রীষ্মকালীন দলবদলের দ্বিতীয়বারের মতো নিজেদের দলবদলের রেকর্ড ভেঙে দিল সিটি।

ফের্নান্দেস মঙ্গলবার চেলসিকে বিদায়ী বার্তা পোস্ট করার এক ঘণ্টা পর সিটি নিশ্চিত করে চুক্তিটি সম্পন্ন হয়েছে। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত এই তারকা ক্লাবের ওয়েবসাইটে বলেন, এই ক্লাবে আরও ট্রফি আনতে তিনি বড় ভূমিকা রাখতে চান। 

“সাম্প্রতিক বছরগুলোয় ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার সিটি। প্রত্যেক ফুটবলারই এমন একটি ক্লাবের অংশ হতে চায়, কারণ সবাই জানে সিটি কতটা সুপরিচালিত।

এখানে আসতে পেরেছি, এর চেয়ে বেশি খুশি আর হতে পারতাম না। সিটির শিরোপা জয়ের ধারা অব্যাহত রাখতে সাহায্য করার চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। এই ক্লাবটি সাফল্যের জন্যই তৈরি হয়েছে।”

পেপ গুয়ার্দিওলা কোচের দায়িত্ব ছাড়ার পর নতুন কোচ এন্টো মারেস্কার তত্ত্বাবধানে বেশ ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে সিটি। তবে দলের শক্তির গভীরতা আশান্বিত করছেন ফের্নান্দেসকে। 

“পুরো স্কোয়াডের দিকে তাকালে দেখবেন, সিটির প্রতিটি বিভাগেই মানসম্পন্ন ফুটবলার রয়েছে। নতুন সতীর্থদের কাছ থেকে শিখতে এবং আরও ভালো খেলোয়াড় হতে চাই আমি।

আমি সবসময়ই মাঠে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি এবং ম্যানচেস্টার সিটিকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, এখানে আসার পরও তা চালিয়ে যাব।”

ফের্নান্দেস শুরুতে আগ্রহী ছিলে ন রেয়াল মাদ্রিদে যেতে। প্রকাশ্যে সেটি নিয়ে কথা বলায় তাকে স্কোয়াডের বাইরেও রাখা হয়েছিল। তবে মাদ্রিদ তাকে নিয়ে আগ্রহী হয়নি এবং এক পর্যায়ে গুঞ্জন এতটাই তীব্র হয় যে, ইউরোপের সফলতম ক্লাবটি বিবৃতি দিয়ে জানাতে বাধ্য হয় যে, এই মিডফিল্ডারকে দলে নেওয়ার কোনো আলোচনাই হয়নি। 

এরপর ফের্নান্দেসের জন্য সম্ভাব্য একমাত্র বিকল্প ছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর আগেই বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে, চেলসি প্রাথমিকভাবে আগ্রহী পক্ষগুলোকে তাদের আগ্রহ আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য ১৪ গাস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। বিভিন্ন সূত্র অনাযায়ী, ১২ কোটি পাউন্ডের একটি প্রত্যাশিত মূল্য নির্ধারণ করেছিল ক্লাবটি এবং মে মাসের শেষের দিকে সমস্ত পক্ষকে তা জানিয়েছিল।

তবে কোনো রকম তৎপরতা ছাড়াই সেই সময়সীমা পার হয়ে যায়। ফের্নান্দেস যদিও ক্লাব ছাড়ার দাবিতে অটল ছিলেন।  প্রাক-মৌসুম ম্যাচগুলিতে তাকে দুয়ো দেন চেলসি সমর্থকেরা। অবশেষে গত ৪৮ ঘণ্টায় আলোচনা জোরদার হয় এবং চুক্তিটি এখন সম্পন্ন হয়। প্রত্যাশিত মূল্যের চেয়ে ৫০ লাখ পাউন্ড পাউন্ড বেশি পায় চেলসি। 

গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দারকে ইসাককে আনতে যে খরচ হয়েছিল লিভারপুলের, এবার সেটি স্পর্শ করল ফের্নান্দেসের ট্রান্সফার ফি। গুয়ার্দিওলা-পরবর্তী সময়ে সিটির দল পুনর্গঠনের খরচ ৪৫ কোটি পাউন্ডে পৌঁছেছে।

এই গ্রীষ্মের শুরুতেই সিটি তাদের নিজেদের গড়া সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারের রেকর্ড ভেঙেছিল, জুলাই মাসে যখন তারা ১১ কোটি ৬০ লাখ পাউন্ড পর্যন্ত ট্রান্সফার ফিতে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছিল। 

রেকর্ড অঙ্কের দলবদল অবশ্য ফের্নান্দেসের জন্য নতুন নয়। ২০২৩ সালের জানুয়ারিতে সেই সময়ের ব্রিটিশ রেকর্ড ১০ কোটি ৬৮ লাখ পাউন্ডে সাড়ে আট বছরের চুক্তিতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি।  গত মৌসুমে চেলসির কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান। 

আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপের শিরোপাজয়ী ও ২০২৬ বিশ্বকাপে রানার্স আপ হওয়া এই তারকাই একমাত্র ফুটবলার, দুই দফায় যিনি ১০ কোটি পাউন্ডের বেশি অঙ্কে দলবদল করলেন। চেলসির সাবেক কোচ মারেস্কার সঙ্গেও তার আবার দেখা হয়ে যাচ্ছে নতুন ঠিকানায়। 

গত মৌসুমে ফের্নান্দেসের পারফম্যান্স ছিল দারুণ। চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেন তিনি। মৌসুমে ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। শেষ ষোলো ও সেমি-ফাইনালে গোল করে দলকে এগিয়ে নেন তিনি ফাইনালের পথে। 

এখন তিনি নতুন উদ্যমে নামবেন নতুন ক্লাবের হয়ে। 

দলবদলের শেষ দিনে ফের্নানেন্দের আগেই গুরুত্বপূর্ণ আরেকজনকে দলে নিয়েছে সিটি। এভারটন থেকে সাড়ে ৬ কোটি পাউন্ডে এসেছেন সেনেগালের ফরোয়ার্ড ইলিমান এনদিয়াই। 

এর আগে এন্ডারসনের পাশাপাশি ক্লাবটি ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে নিয়েছে মরক্কোর তরুণ তারকা আইয়ুব বুয়াদি এবং প্রায় ৪ কোটি পাউন্ডে নিয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার আলান এলিয়াসকে। 

দলবদলে এবার সাভিও, রদ্রি, নিকো হন্সালেস, টিজানি রাইন্ডার্স, জেমস ট্র্যাফোর্ড এবং ন্যাথান আকেসহ বেশ কয়েকজন ফুটবলারকে বিক্রি করে প্রায় ২৮ কোটি পাউন্ড আয় করেছে।  বের্নার্দো সিলভা এবং জন স্টোন্স ক্লাব ছেড়েছেন ফ্রি এজেন্ট হিসেবে।