২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়ের সংকট হলেও কাউকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টেন হাগ

ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ড ম্যাচের আগে রক্ষণে পুরোপুরি ফিট মাত্র তিন জন খেলোয়াড় হাতে আছে কোচ এরিক টেন হাগের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2024, 03:50 PM

Updated : 26 Aug 2026, 10:12 AM

চোটজর্জর দল নিয়ে ভীষণ বাজে একটি মৌসুম কাটানোর পর এবারও একই সমস্যার মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুমে প্রথম ম্যাচের আগে রক্ষণে পুরোপুরি ফিট মাত্র তিন জন খেলোয়াড় হাতে আছে কোচ এরিক টেন হাগের।

এফএ কমিউনিটি শিল্ডে শনিবার গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪-২৫ মৌসুমের যাত্রা শুরু হবে ইউনাইটেডের।

গত মাসে দলে যোগ দেওয়া দুই ডিফেন্ডার লেনি ইয়োরো ও তাইরেল মালাসিয়া আগেই চোট পেয়ে ছিটকে গেছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টেন হাগ আরও জানিয়েছেন, হ্যারি ম্যাগুইয়ার, ভিক্টর লিন্ডেলফ, লুক শ ও অ্যারন ওয়ান-বিসাকার ফিটনেস নিয়েও সমস্যা আছে।

সিটি ম্যাচের জন্য এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত ডিফেন্ডার আছেন কেবল জনি ইভান্স, লিসান্দ্রো মার্তিনেস, দিয়োগো দালোত ও ১৭ বছর বয়সী লেফট-ব্যাক হ্যারি অ্যামাস।

এর মধ্যে মার্তিনেস ও দালোত জাতীয় দলের হয়ে টুর্নামেন্ট খেলে এবং ছুটি কাটিয়ে মাত্রই ক্লাবের অনুশীলনে ফিরেছেন। আগামী শুক্রবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযানও শুরু হবে ইউনাইটেডের। তাই দীর্ঘ ও ব্যস্ত মৌসুম সামনে রেখে, ওয়েম্বলিতে কমিউনিটি শিল্ড ম্যাচে কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নেবেন না বলে জানিয়ে দিয়েছেন টেন হাগ।

“আমরা সবসময় জিততে চাই, প্রীতি ম্যাচেও। আর এখন লড়াইটা একটা ট্রফির এবং আমরা এমন একটা দল সাজাব যারা ট্রফির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে।”

 “তবে…আমরা খেলোয়াড়রে নিয়ে বড় কোনো ঝুঁকি নেব না।”

গত মে মাসে পেপ গুয়ার্দিওলার সিটিকে ২-১ গোলে হারিয়েই এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইউনাইটেড।