Published : 19 Sep 2024, 09:08 PM
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী দিনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বড় হারের ধাক্কা ভালোভাবেই লাগল সের্গেই জাকিরোভিচের ক্যারিয়ারে। দিনামো জাগরেবের কোচের পদ থেকে সরে যেতে হলো তাকে।
ক্রোয়েশিয়ার দলটি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে পারস্পরিক সমঝোতায় দুই পক্ষের চুক্তি বাতিলের কথা জানায়।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গত মঙ্গলবার বায়ার্নের বিপক্ষে ৯-২ গোলে হারে দিনামো। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম দল হিসেবে ৯ গোল করার কীর্তি গড়ে বায়ার্ন। ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন একাই করেন চার গোল।
৪৭ বছর বয়সী জাকিরোভিচ ২০২৩ সালের অগাস্টে দিনামোর দায়িত্ব নিয়েছিলেন। তার কোচিংয়ে গত মৌসুমে নিজেদের ২৫তম লিগ শিরোপা জয়ের পাশাপাশি ক্রোয়েশিয়ান কাপ ঘরে তোলে দলটি।
জাকিরোভিচের কোচিং স্টাফের সদস্য সান্দ্রো পারকোভিচ এখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দিনামোর দায়িত্ব পালন করবেন।
ঘরোয়া লিগে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দিনামো। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পরের ম্যাচে আগামী ২ অক্টোবর ঘরের মাঠে মোনাকোর মুখোমুখি হবে তারা।