১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সেন্ট্রাল ডিফেন্ডারের খোঁজে চেলসি

লেভি কলউইল চোটে পড়ায় রক্ষণভাগ নিয়ে ভাবতে হচ্ছে ইংলিশ ক্লাবটির কোচ এন্টসো মারেস্কাকে।

সেন্ট্রাল ডিফেন্ডারের খোঁজে চেলসি
ক্লাব বিশ্বকাপ জয়ের পর চেলসি দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

লেভি কলউইলের চোট বড় ধাক্কা হয়ে এসেছে চেলসির জন্য। নতুন মৌসুম শুরুর আগে রক্ষণভাগ নিয়ে ভাবতে হচ্ছে তাদের। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির কোচ এন্টসো মারেস্কা বলছেন, একজন সেন্ট্রাল ডিফেন্ডার প্রয়োজন তার।

এবারের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে দলের সঙ্গে অনুশীলনে সময় এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পান কলউইল। ২২ বছর বয়সী ডিফেন্ডারের অস্ত্রোপচারও করা হয়েছে।

এসিএলের চোটে সাধারণত ৬ থেকে ৯ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয়। তাই মৌসুমের লম্বা একটা সময় কলউইলকে নিশ্চিতভাবেই পাচ্ছে না চেলসি।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে চেলসি। শুক্রবার কলউইলের চোটে দলের ওপর পড়া প্রভাব নিয়ে কথা বলেন মারেস্কা।

“সে ঠিক আছে, কিন্তু জানে যে তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। তাকে হারানো আমাদের জন্য বড় একটা ধাক্কা। গত মৌসুমে সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সঠিকভাবে দল গড়তে পারলে আমরা ভালো সুযোগ তৈরি ও আক্রমণ করতে পারব। লেভি দলের একটা বড় অংশ ছিল।”

“আমি কী ভাবছি, সেটা ক্লাব জানে। আমার মনে হয়, আমাদের একজন সেন্ট্রাল ডিফেন্ডার দরকার। তবে আমরা দলের ভেতর থেকে এর সমাধান করার পথও খুঁজছি।”

চেলসির একাডেমি থেকে উঠে আসা কলউইল গত মৌসুমে ছিলেন দলের গুরুত্বপূর্ণ অংশ। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৩ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। প্রিমিয়ার লিগের শেষ দিনে তার গোলেই লিগে চতুর্থ স্থান নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে চেলসি। পরে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়েও তার ছিল উল্লেখযোগ্য অবদান।