২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৩ ম্যাচ হেরে চাকরি হারালেন মনশেগ্লাডবাখ কোচ

ফ্রেইবুর্কের মাঠে পর্যদুস্ত হওয়ার পর যেন ধৈর্যের বাঁধ ভেঙে যায় ক্লাবটির কর্তাদের।

টানা ৩ ম্যাচ হেরে চাকরি হারালেন মনশেগ্লাডবাখ কোচ
ইউজেন পোলানস্কি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2026, 06:24 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

মৌসুমের শুরুটা যে এতটা বাজে হবে, তা নিশ্চয় ভাবতেই পারেননি ইউজেন পোলানস্কি। টানা তিন ম্যাচে হারের পর, বরুশিয়া মনশেনগ্লাডবাখের প্রধান কোচের পদ থেকে ছাঁটাই হলেন তিনি।

বুন্ডেসলিগায় প্রথম তিন রাউন্ডে হতশ্রী পারফরম্যান্স ও তেতো ফলের যাত্রায় সবশেষ ফ্রেইবুর্কের বিপক্ষে ৫-০ গোলে বিধস্ত হওয়ার পর, এই পোলিশ কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত রোববার জানায় জার্মান ক্লাবটি।

খেলোয়াড়ি জীবনে চারটি মৌসুম এই ক্লাবে কাটিয়েছেন পোলানস্কি। পরে আরও কয়েকটি ক্লাবে খেলে ক্যারিয়ারে ইতি টানেন এবং মনশেনগ্লাডবাখের হয়েই কোচিংয়ে যাত্রা শুরু করেন তিনি। কয়েক মৌসুম ক্লাবটির যুব দলে দায়িত্ব পালনের পর, গত বছরের সেপ্টেম্বরে এর মূল দলের প্রধান কোচ হন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

লাইপজিগের মাঠে ৩-০ গোলে হার দিয়ে চলতি মৌসুমে যাত্রা শুরু করে মনশেনগ্লাডবাখ। লিগে দ্বিতীয় রাউন্ডে নবাগত এসভি এভাসবার্কের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে হারে ৪-৩ ব্যবধানে।

আর শনিবার ফ্রেইবুর্কের মাঠে পর্যদুস্ত হওয়ার পর যেন ধৈর্যের বাঁধ ভেঙে যায় ক্লাবটির কর্তাদের। পরদিনই ডাগআউটে পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে তারা।

পোলানস্কির উত্তরসূরি হিসেবে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিবেন মাইন্সের সাবেক কোচ ইয়ান-মরিৎস লিখটা।