ফুটবলারের চোটে বায়ার্ন মিউনিখের ওপর চটেছেন দক্ষিণ কোরিয়া কোচ
জার্মান ক্লাবটির ওপর গুরুত্বর অভিযোগও এনেছেন কোচ কোচ হং মিউং বো।
বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে ডিফেন্ডার কিম-মিন-জে চোট পেয়ে ছিটকে যাওয়ায় হতাশ দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে তারা ভীষণ ক্ষুব্ধও। খেলোয়াড়ের ঠিকঠাক যত্ন না নেওয়ায় তার ক্লাব বায়ার্ন মিউনিখের ওপর চটেছেন কোচ কোচ হং মিউং বো।
ওমান ও জর্ডানের বিপক্ষে ম্যাচ দুটির জন্য দক্ষিণ কোরিয়ার প্রথমে ঘোষিত ২৮ সদস্যের দলে ছিলেন কিম। কিন্তু ‘অ্যাকিলিসের চোট ও পুনবার্সনের জন্য’ গত শনিবার তাকে দল থেকে বাদ দেওয়া হয়।
আগামী বৃহস্পতিবার ওমানের বিপক্ষে ম্যাচের পাঁচ দিন পর জর্ডানের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। দুটি ম্যাচই ঘরের মাঠে খেলবে তারা।
২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের চোট খুব মারাত্মক কিছু না হলেও, সতর্ক হওয়ার দরকার আছে বলে মনে করেন কোচ। বায়ার্ন ভালোভাবে তার দেখভাল করলে এমনটা হতো না বলেও মনে করেন তিনি।
“দুর্ভাগ্যবশত, বায়ার্ন মিউনিখ চোট প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়নি, আর তাই আমরা এমন এক অবস্থায় পড়ে গেছি যেখানে মূল খেলোয়াড়দের একজনকে ছাড়াই গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলতে হবে।”
“একটা ম্যাচ গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই কিমকে মাঠে রেখে দেওয়াটা তো সঠিক নয়। গত বছর থেকেই তাকে ঘিরে সতর্ক হওয়ার মতো পরিস্থিতির যথেষ্ট ইঙ্গিত ছিল এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে পুরোপুরি সচেতন ছিলাম। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য আমরা কিম-মিন-জেকে স্কোয়াডে রাখতে পারিনি, কারণ তাতে খেলোয়াড়দের দেখভাল করার আমাদের যে নীতি, সেটার লঙ্ঘন হতো। তাই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
গত শীতকালীন বিরতির পর থেকে বায়ার্নের ১৬ ম্যাচের ১৩টিই খেলেছেন কিম। তবে এই চোটে গত শনিবার বুন্ডেসলিগায় ইউনিয়ন বার্লিনের সঙ্গে ১-১ ড্র ম্যাচে খেলতে পারেননি তিনি।
