২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে দলে যোগ দেবেন হামজা-ফাহামিদুল

ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের প্রস্তুতির ঢাকা অংশে থাকছেন না এই দুই প্রবাসী ফুটবলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

ভারত ম্যাচ সামনে রেখে শুক্রবার ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। প্রস্তুতিতে নামবে মার্চের প্রথম দিনে। অনুশীলনের সম্ভাব্য ভেন্য বসুন্ধরা কিংস অ্যারেনা। ঢাকা অংশের এই প্রস্তুতিতে থাকছেন না শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা হামজা চৌধুরী ও সেরি ডি’তে খেলা ফাহামিদুল ইসলাম।

সপ্তাহ খানেক প্রস্তুতি নিয়ে আগামী ৫ মার্চ সৌদি আরবে দল যাবে নিবিড় অনুশীলনের জন্য। সৌদি আরবের ক্যাম্প শেষ করে ১৭ মার্চ দল ফিরবে ঢাকায়। সৌদিতেই দলের সঙ্গে ওলবিয়া কালসিওর ফরোয়ার্ড ফাহামিদুল যোগ দেবেন। দলে ঢাকায় ফেরার পর মিডফিল্ডার হামজা যোগ দেবেন বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান।

“আমরা যতদূর জানি, ১৮ মার্চ তিনি (হামজা) আসবেন এবং সে অনুযায়ী আমাদের অনুশীলনে যোগ দিবেন। ফাহামিদুল ওখানে (সৌদি আরবে) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ১০ তারিখে। ১ মার্চ অনুশীলন শুরু হবে ঢাকায়, আপাতত ভাবনায় রয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করার। ৫ ফেব্রুয়ারি সৌদি আরবে যাব। সেখান থেকে ফিরে ২০ তারিখে ভারতে যাব।”

গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদি আরবে ক্যাম্প করেছিল দল। সেখানে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন জামাল-মোরসালিনরা। দলের শক্তি-দুর্বলতা খুঁজে বের করতে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে বলে জানালেন টিম ম্যানেজার।

“অবশ্যই প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা চলছে। ওখানে যে ক্লাবগুলো আছে, তাদের সাথেও আমরা যোগাযোগ করছি। গতবার যেমন ওখানে গিয়ে আমরা সুদানকে পেয়েছিলাম, তাদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম। এবারও শুনেছি, ওখানে আফ্রিকার একটি দল আছে, যারা অনুশীলন করছে। যদি তাদের পাই, তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলব।”

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।