আর্জেন্টিনা নাকি মায়ামি, কোনটি বেছে নেবেন মেসি
শুক্রবার রাতে আর্জেন্টিনার ম্যাচ, শনিবার রাতে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ খেলা।
ভেনেজুয়েলার সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ শুক্রবার রাতে। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ খেলা শনিবার রাতে। লিওনেল মেসি খেলবেন কোন ম্যাচটিতে, এই নিয়ে এখন চলছে জল্পনা। দুটি ম্যাচই ফ্লোরিডায় বলে শেষ মুহূর্ত পর্যন্ত সময় আছে সিদ্ধান্ত নেওয়ার।
মেসি অবশ্য জাতীয় দলের সঙ্গেই অনুশীলন করছেন এখন। তবে জাতীয় দলের হয়ে খেলার নিশ্চয়তা তাতে নেই। বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচটি প্রীতি ম্যাচ। ইন্টার মায়ামির ম্যাচটির গুরুত্ব সেদিক থেকে বেশি।
লিগে সবচেয়ে বেশি পয়েন্টের স্বীকৃতি সাপোর্টার্স শিল্ড ধরে রাখার সুযোগ আর নেই। এবার তা জিতে নিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তবে লিগের বাকি ম্যাচগুলি ইন্টার মায়ামির জন্য গুরুত্বপূর্ণ প্লে-অফের দিকে তাকিয়ে। মেজর লিগ সকারের দুই কনফারেন্সেই শীর্ষ চার দল প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা পেয়ে থাকে।
জাতীয় দলের ম্যাচের কারণে মেসি ছাড়াও আরও পাঁচজন ফুটবলারকে শনিবারের ম্যাচে পাচ্ছে না মায়ামি- রদ্রিগো দে পল, তেলাস্কো সেগোভিয়া, ইয়ান ফ্রে, মাতেও সিলভেত্তি ও নোয়াহ অ্যালেন।
মায়ামির প্রতিপক্ষ আটলান্টা অবশ্য এবারের লিগে ধুঁকছে। পয়েন্ট তালিকায় তলানি থেকে দুইয়ে আছে তারা। জাতীয় দলের কারণে তারা এই ম্যাচে পাচ্ছে না আট ফুটবলারকে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বৃহস্পতিবার যে ইঙ্গিত দিলেন, তাতে মেসিকে দেখা যেতে পারে মায়ামির ম্যাচেই।
“আমরা কথা বলেছি (মেসির সঙ্গে)… সব ফুটবলারকেই পাচ্ছি আমরা, তবে লাইনআপ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেইনি। ম্যাচের আগে শেষ অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব। এমনিতে এই ধরনের ম্যাচগুলিতে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত এবং সেটিই আমরা করব। বিকল্প নতুন কিছু বাজিয়ে দেখতে চাই আমি।”
শেষ পর্যন্ত মেসিকে পাওয়া যাক বা না যাক, হাতে থাকা সব রসদ নিয়ে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে চান মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো।
“যতটা ভালোভাবে সম্ভব সামলানোর চেষ্টা করব আমরা। আমরা জানি, শনিবারের ম্যাচে বেশ কজনকেই পাচ্ছি না। অন্যদের তাই তরতাজা ও প্রস্তুত দেখতে চাই। তৃতীয় স্থান নিশ্চিত করতে এই ম্যাচ থেকে তিনটি পয়েন্ট চাই আমরা এবং সিনসিনাটিকে (দুইয়ে থাকা দল) চাপে রাখতে চাই শেষ ম্যাচটির আগে।”
