২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একপেশে লড়াইয়ে নেপালকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

চতুর্থ ম্যাচে দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল।

একপেশে লড়াইয়ে নেপালকে হারিয়ে সিরিজ বাংলাদেশের
ফাইল ছবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

প্রথম ম্যাচের মতো চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারল না নেপাল। একপেশে লড়াইয়ে তাদের হারিয়ে পাঁচ টেস্টের কাবাডি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।

পল্টন ময়দানে বুধবার চতুর্থ ম্যাচে ৪৯-২৪ পয়েন্টে জিতে এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

নেপালের বিপক্ষে ৫৩-২৯ ব্যবধানে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে সমতায় ফেরে সফরকারীরা। তবে তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টের রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের ছয় মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। তিন মিনিট পর দ্বিতীয় লোনা পেয়ে ম্যাচে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ৩১-১৮ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। 

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান।

কাবাডি ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ হয়েছিল। ৫১ বছর পর দ্বিতীয়বারের মতো হওয়া সিরিজে বাজিমাত করল স্বাগতিকরা।

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামী শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।