নিজের ওজন বাড়লেও খেলোয়াড়দেরটা মানবেন না গুয়ার্দিওলা
ম্যানচেস্টার সিটি কোচ নিশ্চিত, বড় দিনের ছুটির সময়টাতে সুশৃঙ্খল ছিলেন তার দলের ফুটবলাররা।
বড় দিনের ছুটিতে কয়েক কেজি ওজন বেড়েছে, স্বীকার করে নিলেন পেপ গুয়ার্দিওলা। তবে ম্যানচেস্টার সিটি কোচ পেপ কোচ নিশ্চিত, এমন কিছু তার দলের খেলোয়াড়দের ক্ষেত্রে ঘটেনি, ছুটির এই সময়টায় সম্পূর্ণ সুশৃঙ্খল ছিলেন তারা।
প্রিমিয়ার লিগের চূড়ায় থাকা আর্সেনালের চেয়ে কেবল দুই পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে আছে গুয়ার্দিওলা। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে থাকতে বড় দিনের ছুটিতে ওজন বাড়ানো যাবে না, বলে খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিলেন তিনি।
প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে সিটি। এই ম্যাচ জিতলে কিছুক্ষণের জন্য হলেও শীর্ষে উঠবে গুয়ার্দিওলার দল। এতে সেদিনই ব্রাইটনের বিপক্ষে খেলার আগে কিছুটা বাড়তি চাপে থাকতে পারে আর্সেনাল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বললেন, তিনি নিশ্চিত যে খেলোয়াড়রা নির্দেশনা পুরোপুরি মেনে চলেছে।
“যে পরিমাণ খেয়েছি ও পান করেছি এতে আমার ওজন চার বা পাঁচ কেজি বেড়েছে। তাই এটা সত্যিই ভালো।”
“১০ বছর ধরেই তারা অবিশ্বাস্য রকমের সুশৃঙ্খল। গত মৌসুমে চোট সমস্যার জন্য আমাদের কাজ কিছুটা কঠিন ছিল। তবে সবসময়ই তাদের আচরণ ছিল অবিশ্বাস্য। গত এক দশকে আমি যে খেলোয়াড়দের পেয়েছি এবং এখনও যারা আছে তারা এর ব্যতিক্রম নয়। ক্লাব হিসেবে আমাদের একটা মান আছে, প্রত্যেকেই জানে তার ঠিক কী করতে হবে।”
গত কিছু দিন ধরেই গুয়ার্দিওলার সংবাদ সম্মেলনে নিয়মিত আসছে রদ্রির প্রসঙ্গ। সিটি কোচ ফের বললেন, উন্নতির পথে আছে স্প্যানিশ মিডফিল্ডার। তবে নটিংহ্যামের বিপক্ষে তার খেলা এখনও নিশ্চিত নয়। জন স্টোনস ও জেরেমি ডোকু ওই ম্যাচের জন্য বিবেচনায় নেই।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জিতেছে সিটি। সব প্রতিযোগিতাতেই শিরোপা লড়াইয়ে টিকে আছে দলটি। তবে এসব খুব একটা পাত্তা পাচ্ছে না সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচের কাছে।
“আমরা এখনও কেবল ডিসেম্বরের শেষ দিকে আছে। চ্যাম্পিয়ন্স লিগেও আমরা ভালো অবস্থানে আছি, প্রিমিয়ার লিগেও আছি। লিগ কাপে আছি সেমি-ফাইনালে। এফএ কাপ শিগগির শুরু হবে।”
