১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বারবার যেকারণে নিজেকে সামলান বার্সেলোনা কোচ

সবসময়ই ভাবেন বিশেষজ্ঞ, সাবেক খেলোয়াড় ও কোচদের দু কথা শুনিয়ে দেবেন; কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সামলে নেন হান্সি ফ্লিক।

বারবার যেকারণে নিজেকে সামলান বার্সেলোনা কোচ
কাম্প নউয়ে দল নিয়ে অনুশীলনে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

প্রতিটি সেকেন্ড থাকতে হয় আতশ কাঁচের নিচে। প্রতি মুহূর্ত নিয়ে কথা বলেন কেউ না কেউ। বিশেষ করে ফল পক্ষে না এলে বিশেষজ্ঞ, সাবেক খেলোয়াড় ও কোচদের সমালোচনা তো নৈমিত্তিক। বিরক্ত হয়ে মাঝে মাঝে হান্সি ফ্লিকের ইচ্ছে করে দু কথা শুনিয়ে দিতে! তবে পেশাদারিত্বের খাতিরে শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে মনোযোগ দেন কাজে। 

লা লিগার ম‍্যাচে রোববার রাতে সেল্তা ভিগোর বিপক্ষে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদের সঙ্গে ব‍্যবধান তিন পয়েন্ট নামিয়ে এনেছে শিরোপাধারীরা। হ‍্যাটট্রিক করে দলটির জয়ের নায়ক রবের্ত লেভানদোভস্কি। 

এই ম‍্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম‍্যাচের কেবল তিনটিতে জয় পায় বার্সেলোনা। এর মধ‍্যে সবশেষ ম‍্যাচে চ‍্যাম্পিয়ন্স লিগে ৩-৩ গোলে ড্র করে ক্লাব ব্রুজের বিপক্ষে। এতে নতুন মাত্রা পায় ফ্লিকের ‘হাই লাইন ডিফেন্স’ নিয়ে সমালোচনা।

এই লাইন অতিক্রম করে সেল্তাও প্রথমার্ধে দুইবার সমতা ফেরায়। তবে বিরতির পর রক্ষণে অনেক উন্নতি করে জয় নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যায় বার্সেলোনা। ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় সমালোচনায় মাঝে মাঝে বিরক্ত হওয়ার কথা বললেন কোচ ফ্লিক।

“সবসময় আমি ভাবি বিশেষজ্ঞ, সাবেক খেলোয়াড় ও কোচদের ব‍্যাপারে কিছু বলি। কিন্তু না, আমি সেটা করব না। আমি আপনাদের কথা বলার জন‍্য অনেক কিছু দিব।” 

“অন‍্য সব ম‍্যাচে যেমন করি, এই ম‍্যাচও সেভাবে বিশ্লেষণ করব আমরা এবং উন্নতির চেষ্টা করব। এটাই আমাদের কাজ। সবকিছু ভালোভাবে হয়নি, আমরা তা নিয়ে কথা বলব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব‍্যাপার হলো, খেলোয়াড়দের আত্মবিশ্বাসী থাকা এবং আমরা যা করছি তাতে আস্থা রাখা। আমরা কীভাবে খেলতে চাই, এর ভালো উদাহরণ হলো দ্বিতীয়ার্ধ।”

সেল্তার মাঠে প্রথমার্ধে খেলা হয় ‘বক্স-টু-বক্স।’ অনেকটা বেলজিয়ামে চ‍্যাম্পিয়ন্স লিগে ব্রুজের বিপক্ষে ম‍্যাচের মতো। লেভানদোভস্কি দুইবার বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর দুইবারই দ্রুত সমতা ফেরায় সেল্তা। প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামাল বার্সেলোনাকে আবার এগিয়ে নেওয়ার পর আর পারেনি স্বাগতিকরা। 

সামগ্রিকভাবে দলের পারফরম‍্যান্সে খুশি ফ্লিক। তবে ভুলগুলোও তুলে ধরলেন তিনি। 

“বিশেষ করে, প্রথমার্ধে আমরা কিছু ভুল করি, দ্বিতীয়ার্ধের চেয়ে বেশি এবং তারা সেটা কাজে লাগায়। দুই ভুলে দুই গোল। তবে প্রথমার্ধেও আমি দেখেছি, ম‍্যাচ আমরাই নিয়ন্ত্রণ করছিলাম। বল পায়ে আমরা বেশ ভালো খেলেছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে, যেখানে আমরা অনেক ভালোভাবে রক্ষণ সামলেছি।”

“আমি মনে করি, এখানে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স আমাদের পরের ম‍্যাচগুলোর জন‍্য আত্মবিশ্বাস জোগাবে। এটাই আমাদের প্রয়োজন। প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারলেই ভালো কিছু হয়। আমরা সেটা করেছি। মাঠে ছেলেদের যেভাবে খেলতে দেখলাস, আমার ভালো লেগেছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে।”

লা লিগায় ১২ ম‍্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। সমান ম‍্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চূড়ায় রেয়াল।