শিরোপার স্বাদ নিয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
জার্মান ক্লাবটির জার্সিতে অভিষেকেই জালের দেখা পেলেন লুইস দিয়াস।
মৌসুমে গোলের খাতা খুলতে খুব বেশি সময় নিলেন না হ্যারি কেইন। নতুন দলের হয়ে পথচলা শুরুর ম্যাচে জালের দেখা পেলেন লুইস দিয়াসও। দুই ফরোয়ার্ডের গোলে জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন মিউনিখ।
স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় শনিবার রাতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে বছরের দ্বিতীয় শিরোপা জিতেছে মিউনিখের ক্লাবটি।
বল দখলের পাশাপাশি গোলের জন্য নেওয়া শটের হিসাবে লড়াই হয় বেশ। লক্ষ্যে শট রাখায় তো স্টুটগার্টই ছিল এগিয়ে; বায়ার্নের ১৭ শটের তিনটি লক্ষ্যে, স্টুটগার্টের ১৪ শটের পাঁচটি লক্ষ্যে।
কিন্তু অষ্টাদশ মিনিটে কেইনের গোলে এগিয়ে যাওয়ার পর পুরোটা সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের হাতে। ডি-বক্সে প্রতিপক্ষ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে প্রস্তুত ইংলিশ অধিনায়ক সহজেই জালে পাঠান।
স্টুটগার্টের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে এই নিয়ে সাতটি গোল করলেন কেইন। বায়ার্নের জার্সিতে কোনো দলের বিপক্ষে যা তার যৌথভাবে সর্বোচ্চ, আউক্সবুর্কের বিপক্ষেও সমান সাতটি গোল করেছেন তিনি।
৭৭তম মিনিটে সের্গে জিনাব্রির বক্সে বাড়ানো বল ফাঁকায় পেয়ে ফ্লিক করে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াস। লিভারপুলে দারুণ এক মৌসুম কাটিয়ে কিছুদিন আগে বায়ার্নে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ডের এখানেও শুরুটা হলো দুর্দান্ত।
যোগ করা সময়ে জার্মান ফরোয়ার্ড ইয়ামি লেভেলিং একটি গোল শোধ করলেও, বায়ার্নের জয়ের পথে তা বাধা হতে পারেনি।
পুরো ম্যাচে দারুণ সব সেভ করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বায়ার্ন গোলরক্ষক ও অধিনায়ক মানুয়েল নয়ার।
আগামী শুক্রবার লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্ডেসলিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বায়ার্ন মিউনিখ।
