২১ খেলোয়াড় দলে টেনে ফরেস্টের রেকর্ড
সবচেয়ে বেশি দামে খেলোয়াড় কিনেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে ২৩ বছর পর ফেরা নটিংহ্যাম ফরেস্ট যেন স্কোয়াড ঢেলে সাজানোর পরিকল্পনায় আটঘাট বেঁধে নেমেছিল। গ্রীষ্মের দলবদলে মোট ২১ জন ফুটবলার দলে ভিড়িয়েছে তারা। ইংলিশ ফুটবলে এক ট্রান্সফার উইন্ডোতে কোনো ক্লাবের সবচেয়ে বেশি খেলোয়াড় দলে টানার রেকর্ড এটি।
দলবদলের শেষ দিন বৃহস্পতিবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স থেকে কোত দি ভোয়ার সেন্টার ব্যাক উইলি বোলি, ব্ল্যাকপুল থেকে ইংলিশ উইঙ্গার জশ বোলার ও রেন থেকে ফরাসি ডিফেন্ডার লুইচ বাদেকে দলে টানে ফরেস্ট।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট এর তথ্য অনুযায়ী, ইংলিশ ফুটবলে এক ট্রান্সফার উইন্ডোতে সর্বোচ্চ খেলোয়াড় দলে টানার আগের রেকর্ড ছিল ক্রিস্টাল প্যালেসের। ২০১৩ সালে গ্রীষ্মের দলবদলে দলটি ১৭ জন নতুন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছিল।
চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে হাডার্সফিল্ড টাউনকে হারিয়ে ২০২২-২৩ প্রিমিয়ার লিগে জায়গা করে নেয় ফরেস্ট। গত মে মাসে ওই ম্যাচে শুরুর একাদশে থাকা মাত্র চার জন ছিলেন বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলটির ৬-০ গোলে হারের ম্যাচের একাদশে।
ক্লাবটি থেকে এবার পাঁচ জন খেলোয়াড় চলে গেছে ফ্রি ট্রান্সফারে। ধারে বিভিন্ন ক্লাবে পাঠানো হয় আরও পাঁচ জনকে। দল পুনর্গঠন করতে প্রায় ১৫ কোটি পাউন্ড খরচ করেছে ফরেস্ট।
নিজেদের ট্রান্সফার রেকর্ড ভেঙে এবার তারা দলে টানে ইংলিশ মিডফিল্ডার মর্গ্যান গিবস-হোয়াইটকে। সংবাদমাধ্যমের খবর, এজন্য তাদের খরচ হয় আড়াই কোটি পাউন্ড। নাইজেরিয়ান ফরোয়ার্ড তাইয়ো আয়োনি ও ওয়েলসের ডিফেন্ডার নেকো উইলিয়ামসকে পেতে তাদের গুনতে হয় ১ কোটি ৮০ লাখ পাউন্ড করে।
অন্যান্য উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে এবার দলটিতে যোগ দেন ইংলিশ উইঙ্গার জেসে লিনগার্ড। তিনি যোগ দেন ফ্রি ট্রান্সফারে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে ইংলিশ গোলরক্ষক ডিন হেন্ডারসন ও আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে ব্রাজিলিয়ান লেফট-ব্যাক রেনান লোদি দলটিতে নাম লেখান।
স্টিভ কুপারের কোচিংয়ে ফরেস্ট প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে। শনিবার তারা খেলবে এভারটনের মাঠে।
ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো বড় ক্লাবগুলোও উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় দলে টেনেছে। প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামে খেলোয়াড় কিনেছে ইউনাইটেড।
আয়াক্স থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনিকে পেতে ইউনাইটেডের খরচ হয়েছে সাড়ে ৮ কোটি পাউন্ড। এরপরই আছে চেলসি। লেস্টার সিটি থেকে ফরাসি ডিফেন্ডার ভেসলে ফোফানাকে কিনতে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে গুণতে হয় ৭ কোটি পাউন্ড।
গ্রীষ্মের দলবদলে শেষ দিনের আগেই ইংল্যান্ডের শীর্ষ লিগের ২০ ক্লাব খেলোয়াড় কেনায় খরচ করে ১৭০ কোটি পাউন্ড, যা গত দুই মৌসুমের সম্মিলিত খরচের চেয়েও বেশি এবং ইংলিশ ফুটবলে রেকর্ড। ২০১৭ সালে ১৪৩ কোটি পাউন্ড ছিল আগের রেকর্ড।
