২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লপ-পরবর্তী লিভারপুলের পালাবদলের অংশ হতে চান ডাইক

ইয়ুর্গেন ক্লপ চলে যাওয়ার পরও লিভারপুলে থাকার ইঙ্গিত দিলেন অ্যানফিল্ডের ক্লাবটির অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 05:37 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

হুট করে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণায় যে ধাক্কা খেয়েছিলেন ভার্জিল ফন ডাইক, সেটা বোধহয় কাটিয়ে উঠেছেন তিনি। অ্যানফিল্ডের ক্লাবটিতে থাকা নিয়ে দ্বিধায় পড়া এই ডিফেন্ডার এখন নিজের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই নিশ্চিত। বললেন, ক্লপ-পরবর্তী লিভারপুলের পালাবদলের অংশ হতে চান তিনি।  

গত জানুয়ারিতে চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ক্লপ। এর পরপরই দলটির অধিনায়ক ফন ডাইক ‘অল রেড’ নামে পরিচিত ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলেন।

২০১৮ সালের জানুয়ারিতে সাড়ে সাত কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে সাউথ্যাম্পটন থেকে লিভারপুলে নাম লেখান ফন ডাইক। দ্রুতই এই ডাচ ডিফেন্ডার হয়ে ওঠেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। এখন দলটির নেতাও তিনি।

৩২ বছর বয়সী ফন ডাইকের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে লিভারপুলের। কিন্তু ক্লপ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয়ে পড়ে যান তিনি। তবে সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছেন এই ফুটবলার।

ব্রিটিশ গণমাধ্যমের খবর, আর্না স্লটকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে লিভারপুল। এই ডাচ কোচের অধীনে খেলার ইচ্ছার ইঙ্গিত দিলেন ফন ডাইক।

“এখন আমাদের মনোযোগ শেষ দুই ম্যাচের দিকে এবং এরপর ক্লাব মনোযোগ দেবে নতুন কোচ কে হবে, সেই দিকে। বড় ধরনের পরিবর্তন আসবে এবং আমি তার অংশ।”

“আমার ভবিষ্যৎ নিয়ে আলোচনার কিছু নেই, কারণ কোনো খবর নেই। যেমনটা আমি বলেছি, আমি এখানে খুব ভালো আছি, আমি এই ক্লাবকে ভালোবাসি এবং আপনারাও সেটা দেখছেন। এটা এখন আমার জীবনের একটা বড় অংশ। অনেক পরিবর্তন ঘটবে এবং আমি বলব না যে এক্ষেত্রে সঠিক শব্দ হবে ভীতিজনক, তবে যা ঘটবে তা বেশ রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ হবে। দেখা যাক।”

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আশা অবশ্য অনেকটাই শেষ হয়ে গেছে লিভারপুলের। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন তৃতীয় স্থানে আছে তারা। চলতি মৌসুমে লিগে তাদের শেষ দুই ম্যাচ অ্যাস্টন ভিলা ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে।

৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।