প্যারিসে শেষ ম্যাচে এমবাপেকে দুয়ো, এনরিকে বললেন, ‘শুনতে পাইনি’
লিগ আঁর শিরোপা উদযাপনের রাতে তুলুজের কাছে হেরেছে পিএসজি।
উপলক্ষ ছিল দুটি- পিএসজির হয়ে ঘরের মাঠে কিলিয়ান এমবাপের শেষ ম্যাচ আর দলের লিগ আঁর শিরোপা উদযাপন। তবে সবকিছু তেতো করে দিয়েছে তুলুজ। দলটির বিপক্ষে হেরে গেছে চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরুর আগে এমবাপেকে লক্ষ্য করে দেওয়া হয়েছে দুয়োও। পিএসজি কোচ লুইস এনরিকে অবশ্য দাবি করেছেন, এমন কিছু শুনতে পাননি তিনি।
প্যারিসের পাক দি ফ্রাঁসে রোববার রাতে লিগ ম্যাচে ৩-১ গোলে হারে গত মাসে শিরোপা নিশ্চিত করা পিএসজি।
ম্যাচের শুরুটা যদিও ভালো ছিল স্বাগতিকদের। অষ্টম মিনিটেই দলকে এগিয়ে নেন এমবাপে। পাঁচ মিনিট পরই অবশ্য সেই গোল শোধ করে দেয় তুলুজ। বিরতির পর আরও দুইবার পিএসজির জালে বল পাঠিয়ে জয় তুলে নেয় সফরকারীরা।
পিএসজির ইতিহাসের সর্বোচ্চ স্কোরার এমবাপের এই মৌসুম শেষে ক্লাব ছাড়া একরকম নিশ্চিত ছিল অনেক আগে থেকে। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাও দিয়ে দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।
তুলুজের বিপক্ষে ম্যাচ শুরুর আগে যখন একাদশে থাকা এমবাপের নাম ঘোষণা করা হয় স্টেডিয়ামের মাইকে, তখন তাকে লক্ষ্য করে শিস এবং দুয়ো দেয় সমর্থকদের একাংশ।
ম্যাচ শেষে পিএসজি কোচ এনরিকে অবশ্য বললেন ভিন্ন কথা।
“আমি কোনো দুয়ো শুনতে পাইনি। আমি যা শুনেছি তা হলো করতালি, শ্লোগান এবং উল্লাস, যা কিলিয়ানের প্রাপ্য। সমর্থকরা বরাবরের মতোই অসাধারণ ছিল।”
ম্যাচ শুরুর আগে এমবাপে যখন গা গরমের জন্য দৌড়াচ্ছিলেন, তখন পিএসজির সমর্থকরা তার বিশাল একটি ছবি এবং বার্তাসহ বড় একটি ব্যানার প্রদর্শন করেছিল, ‘প্যারিসের শহরতলি থেকে আসা শিশু, আপনি পিএসজির কিংবদন্তি।’
কোচ এনরিকের চোখেও ২৫ বছর বয়সী এমবাপে পিএসজির একজন কিংবদন্তি।
“আমার মতে এটা (শ্রদ্ধাঞ্জলি) দুর্দান্ত এবং খুব আন্তরিক ছিল। তার মানের একজন খেলোয়াড়ের কাজকে স্বীকৃতি দেওয়া খুব সুন্দর। তরুণ হওয়া সত্ত্বেও নিঃসন্দেহে সে ক্লাবের একজন কিংবদন্তি। মৌসুমে আমাদের এখনও কয়েকটি ম্যাচ বাকি আছে। তার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।”
আসছে গ্রীষ্মে এমবাপে ফ্রি এজেন্ট হিসেবে রেয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে জোর গুঞ্জন আছে। এদিন তাকে পুরো ৯০ মিনিটই খেলান এনরিকে।
এই মৌসুমে পিএসজির বেশ কিছু ম্যাচেই এমবাপেকে বেঞ্চে রাখতে কিংবা দ্বিতীয়ার্ধে তুলে নিতে দেখা গেছে। যা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তুলুজের বিপক্ষে তাকে পুরো সময় খেলানোর কারণ ব্যাখ্যা করলেন এনরিকে।
“তাকে তুলে নেওয়ার কথা আমি ভাবিনি, কারণ যতবারই আমি কাজটি করেছি, আপনারা (গণমাধ্যম) বিতর্ক সৃষ্টি করেছেন, তাই ভেবেছিলাম, তাকে ৯০ মিনিট খেলাব যাতে কেউ বিরক্ত না হয়।”
ম্যাচ শেষে পিএসজির হাতে তুলে দেওয়া হয় লিগের ট্রফি। এবার নিয়ে টানা তৃতীয় মৌসুমে লিগ চ্যাম্পিয়ন তারা।
মৌসুমে লিগে পিএসজির আরও দুটি ম্যাচ বাকি আছে। এছাড়া ফরাসি কাপের ফাইনালেও খেলবে তারা। তবে তিন ম্যাচের কোনোটিই তাদের ঘরের মাঠ পাক দি ফ্রাঁসে নয়।
