২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপের মাঠের বাইরের সময় বাড়ছে আরও

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতি লেগে ফরাসি ফরোয়ার্ডকে পাওয়ার আশায় আছেন রেয়াল কোচ।

এমবাপের মাঠের বাইরের সময় বাড়ছে আরও
রেয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 06:51 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

কিলিয়ান এমবাপের চোটের ধরণ কিংবা তার মাঠে ফিরতে কতদিন লাগবে, কিছুই এখনও পরিষ্কার করে জানায়নি রেয়াল মাদ্রিদ। তবে তার দলে না থাকার সময় বেড়েই চলেছে।

লা লিগায় শনিবার এলচের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।

আগের দিন সংবাদ সম্মেলনে দলটির কোচ আলভারো আরবেলোয়া যা বললেন, তাতে অন্তত এটা পরিষ্কার যে আসছে ম্যাচে খেলবেন না চলতি মৌসুমে রেয়ালের জার্সিতে ৩৩ ম্যাচে ৩৮ গোল করা এমবাপে।

হাঁটুর পুরনো সমস্যায় ভুগছেন এমবাপে। এজন্য খেলতে পারেননি সবশেষ লা লিগায় দুটি ও চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচে। ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে এগিয়ে আছে রেয়াল; তবে ফিরতি লেগ ইংলিশ ক্লাবটির মাঠে হওয়ায় খুব সতর্ক আরবেলোয়া।

তাই সিটির বিপক্ষে ম্যাচেই ফরাসি ফরোয়ার্ডকে খুব করে চান এই স্প্যানিশ কোচ।

“আমি চাই, সে যেন ম্যানচেস্টার সফরের জন্য প্রস্তুত হয়ে ওঠে। আমরা দেখব, পরিস্থিতি কী দাঁড়ায়। (তাকে নিয়ে) আমরা রোববার সিদ্ধান্ত নেব। আশা করি, সে খেলত পারবে। এরপর আমরা ফ্রান্সের সঙ্গে কথা বলব।”

এমবাপে যতটা রেয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক ততটা ফ্রান্সের জন্যও। আর তিন মাস পরেই শুরু হবে বিশ্বকাপ। এই সময় জাতীয় দলের হয়ে ৫৫ গোল করা ফরোয়ার্ড এবং ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়কদের একজনের চোট বড় দুর্ভাবনার কারণ।

২০২২ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এমবাপে। ফাইনালেও হ্যাটট্রিক করেছিলেন তিনি; কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।