২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ম্যাচ নিয়ে ছোটনের যে বার্তা দলকে পৌঁছে দিয়েছিলেন সাবিনা

যে ভাবনা থেকে মনিকা চাকমা সিনিয়রদের পাশে চেয়েছিলেন, সেটির ব্যাখ্যাও দিলেন সাবিনা খাতুন।

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, কাঠমাণ্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 08:25 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ভারত ম্যাচের আগে নানা বিতর্কে জেরবার ছিল দল। ঐক্যের সুর ফেরাতে, বন্ধনের দৃঢ়তা বাড়াতে, সাবিনা খাতুন দ্বারস্থ হয়েছিলেন সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের। সাফ জয়ী কোচের বার্তা তিনি পৌঁছে দিয়েছিলেন দলকে; তবে নিজের মতো করে। 

বার্তাটি যে গোলাম রব্বানী দিয়েছেন, সতীর্থদেরকে তা বলেননি সাবিনা। তিনি শুধু চেয়েছিলেন, বার্তাটি তার দিক থেকে যাক, যাতে নতুন বিতর্কে টালমাটাল না হয়ে পড়ে দল।

পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ের পর, ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। 

প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের আগে নানা ঘটনা প্রবাহের মধ্যে দলকে কিভাবে উদ্বুদ্ধ করেছিলেন, সে গল্প শোনালেন সাবিনা। সেখানে বর্তমান কোচ পিটার জেমস বাটলারের সাথে চলা টানাপোড়েনের ইঙ্গিত স্পষ্ট।

“সত্যি বলতে, খেলোয়াড়দের সবসময় একটা কথাই বলি, ব্যক্তিগতভাবে চেষ্টা করি ছোটন স্যারের (গোলাম রব্বানী) সাথে কথা বলার। কারণ ১৪ বছরের সম্পর্ক উনার সাথে। আমার কাছে মনে হয়, আমার থেকেও উনি আমাকে ভালো চেনেন। শুধু আমাকে নয়, দলের অন্যদেরও চেনেন। একটা কথাই বলেছিলেন, তোমরা যদি হারো, জেতো কিংবা ড্র করো তোমরা সেমি-ফাইনালে যাবে। ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ থাকবে এবং জান-প্রাণ দিয়ে খেলো জেতার জন্য।”

“সবাইকে এই বার্তা ফরোয়ার্ড করেছিলাম কিন্তু আমি বলিনি, স্যার এটা বলেছেন। কারণ, বিতর্ক হচ্ছে এটা নিয়ে। তাই আমি চেয়েছিলাম, বার্তাটা আমার দিক থেকে যাক। মাসুরাকেও (পারভীন) বলা ছিল কারণ, ও হচ্ছে আমাদের ডিফেন্সের মধ্যমণি। ও যদি মাঠে দাঁড়াতে পারে তাহলে আর কোনো সমস্যা থাকে না। সেটা করেছেও।”

পাকিস্তান ম্যাচের পর মনিকা বলেন, ভারত ম্যাচে সিনিয়রদের পাশে চান তিনি। বিতর্কের শুরু সেই থেকে। মনিকার ওই চাওয়ার কারণও ব্যাখ্যা করলেন সাবিনা।

“আমরা চেয়েছিলাম যে, আমাদের শেষ সাফের একটা অভিজ্ঞতা ছিল… প্রতিটা ম্যাচই কঠিন হয়। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে, পাকিস্তানের বিপক্ষে যে দল নিয়ে খেলেছিলাম সেখানে যেন দুই-তিনটা পরিবর্তন আসে, তাহলে দল আরও গোছালো ফুটবল খেলতে পারবে।”

“আসলে মারিয়া (মান্দা) ও মনিকার সঙ্গে আমার আলাদা রসায়ন থাকে মাঠে। তিন জনের বন্ডিং যখন ভালো হবে, তখন প্রতিপক্ষের জন্য একটা... মাঝমাঠ যদি ভালোভাবে দখলে রাখতে পারেন, তাহলে প্রতিপক্ষের ওপর চাপ হয়।” 

নানা বিতর্ক নিয়ে কথা বলার এক ফাঁকে ভারতের জালে জোড়া গোল করা তহুরা খাতুনের প্রশংসায়ও পঞ্চমুখ হলেন সাবিনা। সেখানেও তিনি টানলেন অভিজ্ঞতার গুরুত্বের প্রসঙ্গ।

“তহুরা সবসময় ফরোয়ার্ডে ভালো করে। অনূর্ধ্ব-১৯ দলে থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল আছে ওর। ফিনিশিংয়ে ভালো। দ্বিতীয় গোল তো অসাধারণ করেছে, যখন একজন সিনিয়র এমন গোল করে, তখন সেটা জুনিয়রদের অনুপ্রাণিত করে।”