১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিরোপাধারীদের বিদায় করলেও ‘শতভাগ ফেভারিট’ নয় মিশর

তবে নিজেদের সামর্থ‍্যে আস্থা রেখে শিরোপাতেই চোখ রাখছেন মোহামেদ সালাহ।

শিরোপাধারীদের বিদায় করলেও ‘শতভাগ ফেভারিট’ নয় মিশর
ম্যাচ জয়ের পর মোহামেদ সালাহর উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 04:22 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

কোয়ার্টার-ফাইনালে শিরোপাধারী কোত দি ভোয়ার বিপক্ষে ‘নিখুঁত জয়ের’ পর মোহামেদ সালাহর নজর আরও উচুতে। সেমি-ফাইনালে পৌঁছানোর পর সতীর্থদের প্রশংসায় ভাসালেন মিশরের এই অভিজ্ঞ ফরোয়ার্ড। 

আফ্রিকা কাপ অব নেশন্সে শনিবার শেষ আটের লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে মিশর।

দলের তৃতীয় গোলটি করেছেন লিভারপুল ফরোয়ার্ড সালাহ। এতে তিনি গড়েছেন আফ্রিকা কাপ অব নেশন্সে ১১টি ভিন্ন দলের বিপক্ষে গোলের রেকর্ড। 

আগামী বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে সেনেগালের মুখোমুখি হবে মিশর। ২০২১ আসরে এই দুই দল খেলেছিল শিরোপা নির্ধারণী ম‍্যচে। 

ম‍্যাচ শেষে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (কাফ) মিডিয়া চ‍্যানেলে নিজের অনুভূতি জানান সালাহ।

“এটা নিখুঁত এক জয়। তবে আগেও যা বলেছি, আমরা আমাদের দেশের জন‍্য লড়াই করছি।”      

“আশা করি, আমরা পরের ম‍্যাচও পেরিয়ে যেতে পারব। এটা কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে ম‍্যাচ। তবে আমরা নিজেদের সেরাটা দেব। আমরা কঠিন লড়াই করছি, আপনি খেলোয়াড়দের দিকে তাকান, সবাই নিজেকে উজাড় করে দিচ্ছে… আমরা স্রেফ এটা ধরে রাখতে চাই।”

মিশরের বর্তমান কোচ হোসাম হাসান এই প্রতিযোগিতায় করেছিলেন ১১ গোল। তাকে স্পর্শ করলেন ৩৩ বছর বয়সী সালাহ। মিশরের হয়ে তাদের চেয়ে বেশি গোল আছে কেবল হাসান এল-শাজলির (১২)। 

সেমি-ফাইনালের অন‍্য তিন দল সেনেগাল, মরক্কো ও নাইজেরিয়ার অনেকে খেলেন ইউরোপের বিভিন্ন ক্লাবে। প্রতিভার কমতি নেই কোনো দলেই। নিজেদের শতভাগ ফেভারিট হিসেবে দেখছেন না সালাহ।

“আমাদের বেশিরভাগ খেলোয়াড় খেলে ঘরোয়া লিগে, তাদের ছোট করার জন‍্য বলছি না, তবে আমরা নিজেদের সেরা চেষ্টা করব, কারণ আমরা নিজেদের দেশকে ভালোবাসি।”

“সেনেগালের বিপক্ষে ম‍্যাচ কঠিন হবে। তাদের দল এমন যারা ইউরোপে উচু পর্যায়ে খেলে, তবে আশা করি আমরা জিততে পারব।”