২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ামিতে মেসি খেলেন বলেই…

ইন্টার মায়ামিতে যোগ দেওয়া নতুন তিন ফুটবলারই বললেন, এই দলে আসার বড় একটি কারণ মেসির সঙ্গে খেলার আকর্ষণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 12:55 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

হাভিয়ের মাসচেরানো ইন্টার মায়ামির কোচের দায়িত্ব নেওয়ার পর নতুন তিন ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। তিনজনেরই এই ক্লাবে যোগ দেওয়ার পেছনে বড় আকর্ষণ ছিল একটিই- লিওনেল মেসি। কিংবদন্তির সঙ্গে খেলার তাড়না তাদেরকে বয়ে এনেছে মায়ামিতে।

এই তিনজনের মধ্যে দুজন মেসি-মাসচেরানোর দেশেরই। মেসির সঙ্গে খেলার লোভ তাই একটু বেশিই থাকার কথা তাদের। সেল্তা ভিগো থেকে ধারে এসেছেন আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আইয়েন্দে ও আর্জেন্টাইন ক্লাব সান লরেন্সো থেকে  তিন বছরের চুক্তিতে এসেছেন ডিফেন্ডার গন্সালো লুহান। 

এছাড়াও পর্তুগিজ ক্লাব কাজা পিয়া থেকে চার বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দিয়েছেন ভেনেজুয়েলার তেলাস্কো সেগোভিয়া। 

ভেনেজুয়েলা জাতীয় দলের হয়ে আটটি ম্যাচ খেলা ২১ বছর বয়সী মিডফিল্ডারকে স্পর্শ করছে বিশ্বের সেরা ফুটবলারের সঙ্গে খেলার রোমাঞ্চ। 

“আমি এমন একজনের সঙ্গে খেলব, আমার মতে যে বিশ্বের সেরা ফুটবলার। এই ক্লাবে যোগ দেওয়ার ক্ষেত্রে আমার জন্য এই ব্যাপারটি ছিল অনেক বড়, যদিও এই ক্লাবও দারুণ।”

আইয়েন্দে গত বছরই সাড়ে চার বছরের চুক্তিতে যোগ দেন সেল্তা ভিগোয়। কদিন আগেও তার কল্পনায় ছিল না, নিজের আদর্শ ফুটবলারের সঙ্গে এক দলে খেলবেন তিনি। সুযোগটি পেয়ই লুফে নেন ২৫ বছর বয়সী উইঙ্গার। মেসি ও দলের অন্য তারকাদের কাছ থেকে শেখার অপেক্ষায় তর সইছে না তার। 

“প্রস্তাবটি যখন আমার কাছে আসে, এর আগে আমার কল্পনায়ও ছিল না যে, তার (মেসি) সঙ্গে আমি খেলতে ও একই মাঠে থাকতে পারব। কারণ, তার সবকিছুই কেবল আমি ভিডিওতে দেখেছি। তিনি আমার আদর্শ। আরও অসংখ্যজনের আদর্শ তিনি। কিন্তু তার সঙ্গে একই মাঠে থাকা মানে ভিন্ন ব্যাপার। শুধু মাঠে কেন, একই ড্রেসিং রুমে থাকা, কাছ থেকে দেখা… সবকিছুই অন্য পর্যায়ের ব্যাপার।”

“এসব ব্যাপার আমার সিদ্ধান্তকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তার (মেসি) কাছ থেকে শেখার তাড়নাও কাজ করেছে ভাবনায়। শুধু তার কাছ থেকেই নয়, সের্হিও বুসকেতস, জর্দি আলবা, লুইস সুয়ারেস, সবাই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলার এবং আমাদেরও তাদের পর্যায়ে পৌঁছানোর দাবি থাকে। কাজটা সহজ নয়, তবে এভাবেই উন্নতি হয়। তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাদের।”

একই অবস্থা ছিল লুহানেরও। কোচ মাসচেরানোর ফোন পেয়ে একটুও ভাবতে হয়নি ২৩ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডারের। 

“এটা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা (মায়ামিতে যোগ দেওয়ার প্রস্তাব)। এক সেকেন্ডের জন্যও সিদ্ধান্তটি নিতে সংশয় ছিল না আমার। মাসচে (মাসচেরানো) যখন বললেন, তিনি আমাকে নিতে আগ্রহী, আমিও সঙ্গে মঙ্গে নিজের আগ্রহের কথা জানাই।”

“সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এটিই (মেসির সঙ্গে খেলা)। এই দলে অনেক ফুটবলারই আছেন, যারা গ্রেট, সফল ও বিজয়ী। লিও (মেসি) সেখানে আছেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ। তার কাছ থেকে কত কিছু শেখা যাবে! আমি খুবই খুশি।”

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারের ২৮ ম্যাচে ২২টি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন ১৯ গোলে। ২০২৩ সালে লিগস কাপ ও গত বছর সাপোর্টার্স কাপ জয়ে তার ছিল বড় ভূমিকা।

আগামী বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে শুরু হবে ইন্টার মায়ামির নতুন মৌসুম। মেজর লিগ সকারে অভিযান শুরু করবেন তারা ২২ ফেব্রুয়ারি।