আতলেতিকো ম্যাচের আগে দলকে আরও নিখুঁত হতে বললেন বার্সেলোনা কোচ
প্রতিপক্ষকে খুব শক্তিশালী মেনে এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন হান্সি ফ্লিক।
গেল বছরের শেষ দিকের ব্যর্থতা আগেই পেছনে ফেলেছে বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে তারা এগিয়ে চলেছে দারুণ ছন্দে। তবে, এর মাঝেই নতুন করে উঁকি দিচ্ছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই মাস আগের এক পরাজয়। পুরোনো সেই অভিজ্ঞতার আলোকে, দলটির বিপক্ষে আবার মাঠে নামার আগে দলকে আরও নিখুঁত ফুটবল খেলার বার্তা দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
কোপা দেল রের সেমি-ফাইনালে মাদ্রিদের দলটির বিপক্ষে দুই লেগের লড়াইয়ে নামবে বার্সেলোনা। যার প্রথমটি ঘরের মাঠে খেলবে কাতালান ক্লাবটি, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
হাইভোল্টেজ লড়াইটির আগে খুব স্বাভাবিকভাবেই তাই আলোচনায় উঠে আসছে গত ডিসেম্বরে দুই দলের লা লিগার প্রথম লেগের ফল। সেই ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় পজেশন রেখে আক্রমণে আধিপত্য করেছিল বার্সেলোনা, প্রথমে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে দুই গোল খেয়ে হেরে বসে ফ্লিকের দল।
রদ্রিগো দে পলের গোলে সমতায় ফেরার পর আলেকসান্দার সরলথের শেষ সময়ের গোলে জয় নিয়ে ফেরে আতলেতিকো। ১৮ বছরের মধ্যে সেটা ছিল বার্সেলোনার মাঠে আতলেতিকোর প্রথম লিগ ম্যাচ জয়।
এবারও তাদের বিপক্ষে দলকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন ফ্লিক। সোমবার সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রশংসা করে নিজেদের প্রমাণের তাগিদ দিলেন তিনি।
“এটা নতুন ম্যাচ এবং আমাদের সেটার প্রমাণ দিতে হবে। আতলেতিকো দুর্দান্ত এক দল, তারা (দল গোছানোয়) অনেক অর্থ বিনিয়োগ করেছে। তারা সেরা ডিফেন্ডাররা আছে, তাদের আক্রমণভাগও সেরা। কঠিন এক লড়াই হতে যাচ্ছে।”
“ইতিবাচক দিক হলো (সেই হার থেকে) শিখেছি যে, আমরা ভালো ফুটবল খেলতে পারি। সেই ম্যাচে আমরা শীর্ষ পর্যায়ের ফুটবল খেলেছিলাম। তাদের গোল করার আগেই আরও একটি বা দুটি গোল করার সুযোগ পেয়েছিলাম আমরা। এবার গোল করার সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, গোল করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এটাও মনে রাখতে হবে, এবারের লড়াইটা দুই লেগের, এক ম্যাচের নয়।”
এই বছরে কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ী দলটি ঘরোয়া ফুটবলের দুই প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৬ ম্যাচের সবগুলো জিতেছে; আর এই ম্যাচগুলোয় তারা ২০ গোল করে হজম করেছে মাত্র দুটি। লা লিগার টেবিলের শীর্ষে আছে লেভানদোভস্কি-ওলমোরা।
অবশ্য লিগ টেবিলে আতলেতিকোও পিছিয়ে নেই; তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে আছে তৃতীয় স্থানে।
চলতি মৌসুমে বার্সেলোনার সবচেয়ে ধারাবাহিক ও কার্যকর খেলোয়াড় হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। তবে গত শনিবার লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে আঘাত পান তিনি। এজন্য সোমবার অনুশীলন করতে পারেননি তরুণ উইঙ্গার। তবে আতলেতিকোর বিপক্ষে তাকে পাওয়ার আশা করছেন ফ্লিক।
“আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক, সে খেলতে পারে কিনা। চিকিৎসক যা বলেছেন তাতে আমি ইতিবাচক। তাকে আমি আমাদের সঙ্গে চাই।”
পালমাসের বিপক্ষে বদলি নেমে দলকে এগিয়ে নেওয়া ফরোয়ার্ড দানি ওলমোকে পুরো ৯০ মিনিটে মাঠে পাওয়ার আশায় আছেন এই জার্মান কোচ।
