২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটিকে সেরা চেহারার কাছাকাছিই দেখছেন গুয়ার্দিওলা

গত মৌসুমের চেয়ে ম্যানচেস্টার সিটির এবারের মৌসুমের পারফরম্যান্সকে আরও ভালো মনে করেন কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 10:47 AM

Updated : 26 Aug 2026, 03:13 PM

চ্যাম্পিয়ন্স লিগের পথচলা শেষ ষোলোতেই শেষ হয়ে গেছে রেয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনাও সামান্য। তবু ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সে সন্তুষ্ট পেপ গুয়ার্দিওলা। কোচের চোখে, এর মধ্যেই গত মৌসুমের পারফরম্যান্সকে ছাপিয়ে গেছে তার দল। 

সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগেও তাদের পারফরম্যান্স বেশ অধারাবাহিক। পয়েন্ট তালিকায় দুইয়ে থাকলেও সবশেষ দুই ম্যাচে ড্র করেছে তারা নটিংহ্যাম ফরেস্ট ও ওয়েস্ট হ্যামের সঙ্গে। তাতে শিরোপার দিকে অনেকটা এগিয়ে গেছে আর্সেনাল। 

তবে একটি ট্রফি জয়ের সুযোগ সিটির আছে রোববার। আর্সেনালের সঙ্গেই লিগ কাপের ফাইনালে লড়বে তারা ওয়েম্বলি স্টেডিয়ামে। 

এই ফাইনালের আগে গুয়ার্দিওলা বলছেন, সম্ভাব্য সেরা রূপের কাছাকাছি আছে তার দল। 

“আমার মনে হচ্ছে, অনেক দিক থেকেই এটি (সেরা ফর্ম) স্রেফ দ্বারপ্রান্তে আছে… আরও বিকশিত হবে। আমার মনে হচ্ছে, আমরা খুব কাছাকাছি আছি।”

“অন্যান্য ক্ষেত্রে আমাদের উপলব্ধি করতে আরও কিছুটা সময় লাগবে, এবং ফুটবলারদের বুঝতে হবে যে বিভিন্ন বিভাগে একটি শক্তিশালী দল হতে আমাদের কী প্রয়োজন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কাছাকাছি আছি।”

গুয়ার্দিওলার মতে, গত মৌসুমের পারফরম্যান্সকে এই মৌসুমে এর মধ্যেই ছাড়িয়ে গেছে তার দল।

“গত মৌসুমে আমরা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপের ফাইনালে পৌঁছেছিলাম। সত্যিই খুব ভালো খেলেছিলাম আমরা, কিন্তু আড়ালে এমন অনেক কিছু ছিল, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং মৌসুমটা ভালো ছিল না।

"এমনকি আমরা যদি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিততামও, তারপরও মৌসুমটাকে ভালো বলা যেত না। এমন অনেক কিছুই ঘটেছিল যা দলের জন্য স্বাভাবিক ছিল না। আমি জানি না এবার কী হতে চলেছে, কিন্তু এই মৌসুমটা বেশ ভালোই কাটছে। বেশিরভাগ সময়ই আমরা এমন একটি দল ছিলাম যারা নিখুঁত না হলেও খুব ভালো।”

এখন ঘাটতি কোন কোন জায়গায় রয়েছে, জানতে চাইলে গুয়ার্দিওলা বলেন, “সেটা আমি আপনাদের বলব না… কিন্তু আমি তা জানি এবং আমার ফুটবলাররাও জানে।”