ক্যাম্পে যোগ না দিলে জায়গা মিলবে না বিশ্বকাপ দলে, হুমকি মেক্সিকোর
মেক্সিকোর বিশ্বকাপ প্রস্তুতি পরিকল্পনার সঙ্গে দেশটির ক্লাবগুলোর সূচি সাংঘর্ষিক হওয়ায়, ক্লাবগুলোর সঙ্গে জাতীয় দলের সমস্যা ক্রমেই বাড়ছে।
লিগা এমএক্সের যেসব ফুটবলার বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকে যোগ দেবে না, তাদেরকে বিশ্বকাপের মূল স্কোয়াডে রাখা হবে না বলে জানিয়ে দিয়েছে মেক্সিকোর ফুটবল ফেডারেশন (এফএমএফ)।
আসছে বিশ্বকাপের জন্য বুধবার অনুশীলন শুরু করেছে মেক্সিকো। এই ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের লিগা এমএক্সের ক্লাবগুলো ৬ মে ছেড়ে দেবে, এই মর্মে ক্লাবগুলোর সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছায়।
এফএমএফ বিবৃতি দিয়ে জানিয়েছে, “সকল খেলোয়াড় মেক্সিকো সিটির হাই পারফরম্যান্স সেন্টারে রিপোর্ট করবে। কোচিং স্টাফের নির্দেশনা অনুযায়ী, যে সব খেলোয়াড় আজ অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ব্যর্থ হবে, তারা বিশ্বকাপ দল থেকে বাদ পড়বে।”
একমাত্র ব্যতিক্রম নিয়ম রাখা হয়েছে তোলুকা ফুটবল ক্লাবের ক্ষেত্রে; বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমি-ফাইনালের ফিরতি লেগে লস এঞ্জেলসের বিপক্ষে মাঠে নামবে দলটি, প্রথম লেগে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে তারা। তোলুকার যেসব খেলোয়াড় মেক্সিকোর অনুশীলনে ডাক পেয়েছে, তারা এই ম্যাচের পর ক্যাম্পে যোগ দেবে।
এফএমএফ- এর এই নিয়মের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্লাব গুয়াদালাহারার মালিক আমুয়ারি ভের্গারা। মেক্সিকোর শীর্ষ লিগের এটাই একমাত্র ক্লাব, যারা কেবল মেক্সিকান ফুটবলারদের নিয়ে স্কোয়াড গড়ে এবং এই দল থেকে পাঁচ জন ডাক পেয়েছেন বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে।
লিগা এমএক্সের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে গুয়াদালাহারা, পরের ধাপে উঠতে ৩-১ গোলের ব্যবধান ঘোচাতে হবে তাদেরকে। সেই লক্ষ্যে আগামী রোববার টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে গুয়াদালাহারা। ম্যাচটির জন্য ওই পাঁচ খেলোয়াড়কে ছেড়ে দিতে মেক্সিকো জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের আগিরের কাছে আবেদন জানিয়েছেন ভের্গারা।
বিশ্বকাপের জন্য মেক্সিকো যে প্রস্তুতি পরিকল্পনা নিয়েছে, তার সঙ্গে দেশটির ক্লাব ফুটবলের ঘরোয়া ও মহাদেশীয় প্রতিযোগিতার সূচি সাংঘর্ষিক হওয়ায়, ক্লাবগুলোর সঙ্গে জাতীয় দলের সমস্যা ক্রমেই বাড়ছে।
এবারের বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল হলো দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিক।
