Published : 14 Sep 2026, 03:27 PM
লক্ষ্য ছিল উপভোগের মন্ত্রে উজ্জীবিত হয়ে সেরাটা নিংড়ে দেওয়ার, কিন্তু পঞ্চম মিনিটে পিছিয়ে পড়ার পর লড়াই-ই করতে পারলেন না শিউলি-মারিয়ারা। একের পর এক গোল হজম করে উত্তর কোরিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
উত্তর কোরিয়ার বিপক্ষে সোমবার ১০-০ গোলে হেরে এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের গ্রুপ পর্ব শুরু করেছে বাংলাদেশ। দুই দলের সবশেষ দেখায় উইমেন’স এশিয়ান কাপে ৫-০ ব্যবধানে উড়ে গিয়েছিল তারা।
নিজেদের ইতিহাসে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের হার। এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে ৯-০ গোলে হেরেছিল মেয়েরা।
এই ইভেন্টে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়া শুরু থেকে মেলে আক্রমণাত্মক ফুটবলের পসরা। ওসাকার নাগাই স্টেডিয়ামে পঞ্চম মিনিটে জন রয়োং জংয়ের গোলে তাদের উৎসবের শুরু। দশম মিনিটে এই ফরোয়ার্ডই করেন ব্যবধান দ্বিগুণ।
কোণঠাসা বাংলাদেশ বক্সের বাইরে তেমন বেরই হতে পারেনি; কিন্তু রক্ষণও জমাট রাখতে পারেনি শিউলি-কোহাতিরা। প্রথমার্ধেই আরও পাঁচবারে গোল উৎসব করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় উত্তর কোরিয়া।
দ্বিতীয়ার্ধেও গোলক্ষুধা কমেনি উত্তর কোরিয়ার। ৫১তম মিনিটে রাই সং ও ৬০তম মিনিটে জং জুম লক্ষ্যভেদের পর মিলি আক্তার একাধিক সেভ করেন।
৮৫তম মিনিটে কুম জং, একটু পর হান জিন হংয়ের শট দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ফেরান মিলি। শেষ দিকে হান জিন হংয়ের কোনাকুণি শট পা চালিয়েও আটকাতে পারেননি মিলি; তাতে সবচেয়ে বড় ব্যবধানের হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।