২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলফলকের ম্যাচে তেতো স্বাদ পেয়ে গুয়ার্দিওলার আক্ষেপ লাল কার্ড নিয়ে

রেয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে ১০ জন নিয়ে পেরে ওঠা কঠিন, বললেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 11:40 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ম্যাচটি ছিল পেপ গুয়ার্দিওলার জন্য দারুণ এক মাইলফলকের। একটি অর্জনে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনকে। কিন্তু উপলক্ষ স্মরণীয় করে রাখার মতো কিছু করতে পারেনি তার দল। প্রথম লেগে বড় ব্যবধানে হারের পর কাজটি ছিল এমনিতেই কঠিন। দ্বিতীয় লেগে সেটি আরও কঠিন হয়ে ওঠে বের্নার্দো সিলভা লাল কার্ড দেখায়। ম্যাচের পর ম্যানচেস্টার সিটি কোচ বললেন, সেখানেই শেষ তার দলের সম্ভাবনা। 

রেয়াল মাদ্রিদের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে গুয়ার্দিওলার কোচিংয়ে ১৯১তম ম্যাচ। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর রেকর্ডে ফার্গুসনকে (১৯০ ম্যাচ) এককভাবে টপকে জায়গা করে নিলেন তিনি দুইয়ে। ২১৮ ম্যাচ ডাগ আউটে থেকে সবার ওপরে কার্লো আনচেলত্তি।

ফার্গুসনকে ছাড়ানোর ম্যাচে রেয়ালকে ছাপিয়ে যেতে পারেননি গুয়ার্দিওলা। শেষ ষোলোর প্রথম লেগে রেয়াল মাদ্রিদের মাঠে ৩-০ গোলের ব্যবধানে হেরে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলতে নামে ম্যানচেস্টার সিটি। সেই ব্যবধান ঘুচিয়ে দেওয়ার আগেই উল্টো বেড়ে যায় আরও। লাল কার্ড দেখে ২০তম মিনিটে মাঠ ছাড়েন সিলভা।

সেই পেনাল্টি থেকে রেয়ালকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। পরে আর্লিং হলান্ড গোল করলেও ম্যাচের শেষ সময়ে আরেকটি গোল করে রেয়ালকে জেতান ভিনিসিউস। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যায় স্প্যানিশ দলটি।

ম্যাচের পর গুয়ার্দিওলা বললেন, ১০ জন নিয়ে রেয়ালের বিপক্ষে পেরে ওঠা কঠিন। 

“আজকে আমি ঘুমাতে যাব। কালকে আমাকে ১১ জনের বিপক্ষে ১১ জন নিয়ে রেয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানাতে দিন। আমি এরকম কিছুই চেয়েছিলাম, ব্যস। আমরা সবসময়ই ভালো ছিলাম, ভালো খেলছিলাম। কিন্তু ১১ জনের বিপক্ষে ৭৫ মিনিট ১০ জন নিয়ে খেলা… এক-দুই গোলে পিছিয়ে থাকলে তবু মানা যেত, ৪-০ গোলে পিছিয়ে থাকার পর ১০ জন নিয়ে কাজটা কঠিন।”

বড় পরাজয়েও দলের লড়াইয়ে ইতিবাচকতার ছাপ দেখছেন কোচ। আশা নিয়ে তাকিয়ে তিনি আগামী মৌসুমে।

“৩-০ থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। তবে আমরা চেষ্টা করেছি। লড়াই করেছি। ফুটবলাররা দারুণ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। ৩-০ বা ৪-০ হয়ে যাওয়ার পর ১০ জন নিয়ে কাজটা অসম্ভবই। শেষ পর্যন্ত ৫-১ হয়েছে, রেয়াল মাদ্রিদকে অভিনন্দন। ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল, পরের মৌসুমে দারুণভাবে ফিরব আমরা।”

এই নিয়ে টানা তিন মৌসুমে রেয়ালের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ল সিটি। ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই এই অভিজ্ঞতা হলো তাদের। তার পরও অবশ্য রেয়ালকে কঠিনতম প্রতিপক্ষ মনে করেন না গুয়ার্দিওলা।

“নাহ (রেয়াল নয়)… লিভারপুলে ইয়ুর্গেন ক্লপ থাকার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো পেয়েছি। গোটা দলের জন্যই দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল ওই ম্যাচগুলো।”

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর আগামী রোববার লিগ কাপের ফাইনালে সিটি লড়বে আর্সেনালের সঙ্গে। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আর্সেনালের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও এখনও দুইয়ে আছে গুয়ার্দিওলার দল। কোচ এখন এসব ম্যাচেই তাকিয়ে আছেন। 

 “রোববার একটি ফাইনাল আছে আমাদের। প্রিমিয়ার লিগে এখন লড়াই করে ভালোভাবে শেষ করতে হবে লিগ। চ্যাম্পিয়ন্স লিগে পরের মৌসুমে ফিরব আমরা।”