২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

‘বিশ্বাস হচ্ছিল না’, মেসির ১০ নম্বর জার্সি পরার গল্প শোনালেন মাস্তানতুয়োনো

মেসি, মারাদোনার মতো কিংবদন্তিদের আইকনিক ১০ নম্বর জার্সি পরাকে ক্যারিয়ারের সেরা মুহূর্ত বললেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার।

‘বিশ্বাস হচ্ছিল না’, মেসির ১০ নম্বর জার্সি পরার গল্প শোনালেন মাস্তানতুয়োনো
সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরার কীর্তি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। ছবি: মাস্তানতুয়োনোর ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 08:18 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

আগের ম্যাচে পরেছিলেন ২১ নম্বর জার্সি। ড্রেসিং রুমে ঢুকে সেটিই খুঁজছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। কিন্তু বিস্ময় নিয়ে দেখলেন তার জন্য রাখা ১০ নম্বর জার্সি। যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। লিওনেল মেসি, দিয়েগো মারাদোনার মতো কিংবদন্তিদের আইকনিক ১০ নম্বর জার্সি পাওয়ার সেই মুহূর্ত স্মরণ করলেন আর্জেন্টিনার তরুণ এই ফুটবলার। 

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে একুয়েডরের বিপক্ষে মেসিকে বিশ্রাম দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শুরুতে শোনা যাচ্ছিল, অধিনায়কের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরবেন থিয়াগো আলমাদা। তবে চোট পেয়ে শেষ মুহূর্তে ছিটকে পড়েন তিনি। ফলে সেই জার্সি পাওয়ার দরজা খুলে যায় মাস্তানতুয়োনোর সামনে।

ম্যাচের ৬২তম মিনিটে বদলি নামেন রেয়াল মাদ্রিদের এই উইঙ্গার, গড়েন আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে কম বয়সে ১০ নম্বর জার্সি পরার কীর্তি। সেদিন তার বয়স ছিল ১৮ বছর ২৩ দিন। এখানে তিনি ছাড়িয়ে যান মারাদোনাকে। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক প্রথমবার ১০ নম্বর জার্সি পরেছিলেন ১৮ বছর ৯ মাস ৩ দিন বয়সে।

প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে ১০ নম্বর জার্সি পাওয়ার সেই গল্প শোনালেন মাস্তানতুয়োনো।

“আমি লকার রুমে ঢুকে ২১ নম্বর খুঁজছিলাম এবং হুলিয়ানের (আলভারেসের ৯ নম্বর জার্সি) পাশে আমার নাম দেখতে পেলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। মনে করেছিলাম, ওরা আমার সঙ্গে মজা করছে, কিন্তু সত্যি ছিল। সেটা ছিল এক অনন্য মুহূর্ত।”

“লিওর (মেসি) ১০ নম্বর, যে জার্সি দিয়েগোও (মারাদোনা) পরেছিলেন, এই জার্সি পরা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। যতবার জার্সিটি দেখি, আমি গর্ব, সম্মানিত ও এমন আবেগ অনুভব করি, যা ব্যাখ্যা করা কঠিন।”

আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মাস্তানতুয়োনোর স্রেফ তৃতীয় ম্যাচ। গত জুনে চিলির বিপক্ষে শেষ দিকে বদলি নেমে জাতীয় দলে অভিষেক হয় তার। গত মাসে ভেনেজুয়েলার বিপক্ষে মেসির সঙ্গে ম্যাচের শুরু থেকে এক ঘণ্টার বেশি সময় খেলেন তিনি।

ছোটবেলা থেকে মেসিকে আদর্শ মানার কথা অনেকবারই বলেছেন মাস্তানতুয়োনো।