২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো ২০২৮: স্বাগতিক দলকেও উৎরাতে হবে বাছাই

চার স্বাগতিক দলের মধ্যে দুটির সামনে অবশ্য তারপরও থাকবে ‘বিশেষ’ সুযোগ।

ইউরো ২০২৮: স্বাগতিক দলকেও উৎরাতে হবে বাছাই
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

স্বাগতিক হলেই অংশগ্রহণ নিশ্চিত- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগামী আসরে এই নিয়ম থাকছে না। স্বাগতিক চার দল ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসকে খেলতে হবে বাছাইপর্ব। মূল প্রতিযোগিতার কেবল দুটি জায়গা ফাঁকা রাখা হবে তাদের জন্য, এবং দলগুলো বাছাই পার হতে ব্যর্থ হলে নিয়ম মেনে তাদের মধ্যে দুটি সুযোগ পাবে।

বিলবাওয়ে বুধবার ইউরোপা লিগের ফাইনালের আগে সভায় বসে উয়েফার নির্বাহী পরিষদ। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাগতিক চার দল বাছাইপর্বে চারটি ভিন্ন গ্রুপে থাকবে। বাছাইয়ে ১২ গ্রুপের সেরা দলগুলো এবং রানার্সআপ হওয়াদের মধ্যে সেরা আটটি দল (মোট ২০ দল) সরাসরি মূল আসরে জায়গা করে নেবে।

২৪ দলের আসরে বাকি চারটি স্থানের সর্বোচ্চ দুটি পূরণ হবে সেরা র‍্যাঙ্কধারী দুই স্বাগতিকের জন্য, যারা বাছাই পার হতে পারেনি।

আর বাকি দুটি শূন্যস্থান পূরণ হবে প্লে-অফে, যেখানে লড়বে বাছাইয়ের বাকি চার রানার্সআপ ও ২০২৬-২৭ উয়েফা নেশন্স লিগের গ্রুপ জয়ীদের নিয়ে, যারা বাছাই পার হতে পারেনি। 

প্লে-অফে কয়টি দল লড়বে, সেটা নির্ভর করবে (ওই বিশেষ নিয়মে) স্বাগতিক দলের জন্য কয়টি জায়গা ছাড়তে হচ্ছে তার ওপর।

যদি দুটি জায়গা স্বাগতিকদের দিয়ে পূর্ণ হয়, তাহলে প্লে-অফে আটটি দল লড়বে দুটি পুলে (এক লেগের দুটি সেমি-ফাইনাল ও ফাইনালের)। আর একটি জায়গা স্বাগতিকদের দিয়ে পূর্ণ হলে প্লে-অফে ১২টি দল লড়বে তিনটি পুলে (এক লেগের দুটি সেমি-ফাইনাল ও ফাইনালের)।

আর যদি স্বাগতিকদের জন্য দুটি স্থানের একটিও ব্যবহার না হয়, তাহলে আটটি দল হোম ও অ্যাওয়ে লেগের ভিত্তিতে প্লে-অফে লড়বে এবং প্রতিটির বিজয়ী দল মূল পর্বের টিকেট পাবে।

২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো হবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের মোট ৯টি ভেন্যুতে।