২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহর মন্তব্যের কড়া জবাব স্লটের, ‘আমি শান্ত ও বিনয়ী, তবে দুর্বল নই’

বিস্ফোরক মন্তব্যের পর লিভারপুলের হয়ে আর কখনও সালাহকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তরও দিলেন কোচ আর্না স্লট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 01:45 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

এই ম্যাচের লিভারপুল স্কোয়াডে নেই মোহামেদ সালাহ। তবু যেন তিনি আছেন প্রবলভাবেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের অনেকটা জুড়ে থাকলেন তো তিনিই! আর্না স্লটের সংবাদ সম্মেলনে মিনিট দশেক প্রশ্ন হলো কেবল দলে জায়গা হারানো তারকাকে নিয়েই। লিভারপুল কোচ উত্তর দিলেন সবকিছুর। তার কথায় যে কাঠিন্য মিশে থাকল, তাতে এই ক্লাবে সালাহর ভবিষ্যৎ এখন গুমোটই বলা যায়।

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচের পর মিক্সড জোনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন সালাহ। ক্লাবের হয়ে ‘এত কিছু করার পরও’ প্রাপ্য সম্মান না পাওয়া ও বলির পাঁঠা বানানোর অভিযোগ করেন তিনি। কোচের সঙ্গে যোগাযোগ ভেঙে পড়ার কথা জানান তিনি, প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে কাঠগড়ায় দাঁড় করান ক্লাব কর্তৃপক্ষকে।

লিভারপুলে আট বছরের পথচলায় ২৫০টি গোল করেছেন সালাহ। জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আটটি শিরোপা। সমর্থকদের কাছে তিনি প্রবল জনপ্রিয়, এই ক্লাবে হয়ে উঠেছেন আইকনিক চরিত্র। গত মৌসুমে চুক্তি নিয়ে অবশ্য ক্লাবের সঙ্গে টানাপোড়েন তৈরি হয় তার। তবে মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর গত এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি করা হয়।

তবে চলতি মৌসুমে নিজের সেরা চেহারায় নেই ৩৩ বছর বয়সী তারকা। গত কিছুদিনে তার নিজের পড়তি ফর্মের সঙ্গে যোগ হয়েছে ক্লাবের দুঃসময়। সবশেষ তিন ম্যাচে তিনি সেরা একাদশে জায়গা পাননি, খেলার সুযোগ পেয়েছেন মোটে ৪৫ মিনিটের মতো। এরপরই তার ওই ক্ষোভের বিস্ফোরণ।

তবে ক্লাব যে সেটি মোটেও ভালোভাবে নেয়নি, তা ফুটে উঠেছে দ্রুতই। সোমবার স্লটের তত্ত্বাবধানেই দলের সঙ্গে অনুশীলন করেন সালাহ। তবে পরে তাকে জানানো হয়, ইন্টার মিলানের বিপক্ষে মঙ্গলবারের চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে তাকে রাখা হয়নি। মিলান সফরের ১৯ জনের বহরের বাইরে রাখা হয় তাকে।  

পরে সংবাদ সম্মেলনে স্লট স্পষ্ট করেই বলেন, মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই সালাহকে দলে নেওয়া হয়নি।

“ম্যাচের পর সে যে মন্তব্যগুলো করেছে এবং যা বলেছে, একটা দিক থেকে আমার জন্য এসব চমক হয়েই এসেছে। তবে আমার মনে হয়, আমাদের ও আমার প্রতিক্রিয়াও পরিষ্কার এবং সেই কারণেই সে আজকে আমাদের সঙ্গে নেই।”

সালাহ অভিযোগ করেছিলেন, “এটা পরিষ্কার যে, কেউ একজন চাচ্ছে যেন সব দোষ আমার ওপর পড়ে।” সেই কেউ একজন কি স্লটই? তাকে জিজ্ঞেস করা হলো সরাসরিই। লিভারপুল কোচ বললেন, প্রশ্নটির উত্তর সালাহই দিতে পারবেন। 

“এটা উত্তর তো কেবল মো নিজেই দিতে পারে। আমি হয়তো কিছু অনুমান করে নিতে পারি। তবে এই মুহূর্তে তেমন কিছু করা ঠিক হবে না। সে ওই মুহূর্তে কার কথা বুঝিয়েছে, আমার জন্য তা বলা কঠিন।”

“আমরা তাকে জানিয়েছি যে, আমাদের সঙ্গে সে সফরে যাচ্ছে না। আমাদের দিক থেকে তার সঙ্গে একমাত্র এই যোগাযোগই হয়েছে।”

দলে না থাকার কথা জানানোর পর সালাহ ‘ছোট্ট করে’ জবাব দিয়েছেন বলে জানালেন স্লট।

সালাহর ব্যক্তিগত অনুভূতি বা উপলব্ধি নিয়ে আপত্তি নেই কোচের। তবে সেসব প্রকাশ্যে বলে দেওয়ার ব্যাপারটি তিনি মানতেই পারছেন না। 

“তার যা উপলব্ধি বা যে কোনো কিছু মনে করার সবটুকু অধিকার তার আছে। কিন্তু সেসব মিডিয়ায় প্রকাশ করার অধিকার তার নেই। সে যেহেতু তা করেছে, এখন আমাদের ওপরই নির্ভর করছে প্রতিক্রিয়া কেমন দেখাব আমরা।”

“আমার মনে হয়, আমি সাধারণত যথেষ্টই শান্ত ও বিনয়ী, তবে এর মানে এই নয় যে আমি দুর্বল। কোনো ফুটবলার যদি এত কিছু নিয়ে এত সব মন্তব্য করে থাকে, সেটা শুধু আমার ব্যাপার নয়, গোটা ক্লাবের ব্যাপার এবং আমরা সেভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছি, যেটি আপনারা এখন দেখছেন।”

লিভারপুলে তাহলে কি শেষ ম্যাচটি খেলে ফেলেছেন সালাহ? এই প্রশ্নের সরাসরি জবাব অবশ্য দিলেন না স্লট, “আমার কোনো ধারণা নেই… এই মুহূর্তে প্রশ্নটির উত্তর দিতে পারব না।”