২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র ডেভিস কাপের বাছাইয়ে অষ্টম বাংলাদেশ

কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারের পর সিঙ্গাপুরের কাছেও স্থান নির্ধারণী ম্যাচে হেরেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 07:34 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

হতাশা নিয়েই শেষ হলো জুনিয়র ডেভিস কাপের আঞ্চলিক পর্বের প্রাক বাছাইয়ে বাংলাদেশের অভিযান। সেরা আটের বৈতরণী পেরুতে পারেনি তারা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার পর স্থান নির্ধারণী ম্যাচেও সিঙ্গাপুরের কাছে হেরেছে দল।

মালয়েশিয়ার কুচিংয়ে হওয়া এশিয়া/ওশেনিয়া অঞ্চলের প্রাক বাছাইয়ের কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-০ সেটে হেরে অষ্টম হয়েছে দল।

গ্রুপ পর্বে অবশ্য আলো ছড়িয়েছিলেন রাজীব-কাব্যরা। গুয়াম ও প্যাসিফিক ওশানিয়া, দুই দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু দারুণ যাত্রা টেনে নিতে পারেনি দল।

বাংলাদেশ দলের হয়ে খেলেন রাজিব হোসেন, কাব্য গায়েন ও তানভির তুষার।