২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেয়াল মাদ্রিদকে হৃদয়ে নিয়ে’ বিদায় নিচ্ছেন আনচেলত্তি

আক্ষেপ নয়, একটি যুগের সমাপ্তি ঘটিয়ে, অনেক প্রাপ্তির গর্ব নিয়ে প্রিয় সান্তিয়াগো বের্নাবেউ ছাড়ছেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ।

‘রেয়াল মাদ্রিদকে হৃদয়ে নিয়ে’ বিদায় নিচ্ছেন আনচেলত্তি
কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন, কিন্তু সেখানে ম্যাচ নিয়ে তেমন কোনো প্রশ্ন হলো না। প্রতিপক্ষ মায়োর্কার নাম উচ্চারিত হলো না একবারও। রেয়াল মাদ্রিদের সংবাদ সম্মেলন জুড়ে কেবলই থাকল কার্লো আনচেলত্তির বিদায় প্রসঙ্গ। সহজাত পেশাদারিত্বের সঙ্গেই তা সামাল দিলেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ। বললেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষের দুর্দান্ত দুটি সপ্তাহ কাটিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে চান ব্রাজিলে। 

চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই প্রিয় রেয়াল মাদ্রিদের আঙিনা ছাড়বেন আনচেলত্তি। দ্বিতীয় মেয়াদে চার বছরের বেশিরভাগ সময় কেটেছে সাফল্যে। কিন্তু চলতি মৌসুম একেবারে ভালো কাটছে না। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হেরেছেন দুটি ফাইনালে, লিগের দুই দেখাতেও হয়েছে একই পরিণতি। চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিয়েছেন কোয়ার্টার-ফাইনাল থেকে। লা লিগায় শিরোপা ‘হারাতে পারেন’ এই সপ্তাহেই।

কেবল চলতি মৌসুমটা দেখছেন না আনচেলত্তি। এভারটন থেকে কোচ হয়ে ফেরার পুরো সময়টার দিকে তাকিয়ে নিজের অর্জনের জন্য গর্ববোধ করছেন তিনি। 

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সোমবার এক বিবৃতিতে জানায়, দরিভাল জুনিয়রের উত্তরসূরি হিসেবে কোচ হচ্ছেন আনচেলত্তি। ২৬ মে থেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে কাজ করবেন তিনি। এরপর মঙ্গলবারই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হন ক্যারিয়ারে দারুণ সফল এই কোচ, স্বাভাবিকভাবেই সেখানে আগ্রহের কেন্দ্রে ছিলেন তিনি।  

সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নটাই কেবল ছিল লা লিগার শেষ তিন রাউন্ড নিয়ে। সেটি করা হয়েছিল রেয়ালের নিজস্ব টিভি চ্যানেলের পক্ষ থেকে। সে সময়ই আনচেলত্তি পরিষ্কার করেন, ২৫ মের আগ পর্যন্ত তার ভাবনা জুড়ে কেবল রেয়াল মাদ্রিদ।

“অবিস্মরণীয় কিছু বছর আছে যেগুলো আমি সযত্নে হৃদয়ের খুব কাছে রাখব। ফুটবল, জীবনের মতোই- অ্যাডভেঞ্চারে পূর্ণ এবং এর শুরু যেমন আছে তেমনি এক সময়ে শেষও হয়। সবসময়ই জানতাম, একদিন রেয়ালে আমার সময় শেষ হবে।” 

“চমৎকার একটা অধ্যায় কেটেছে, যেটা তার শেষ প্রান্তে চলে এসেছে। দারুণ একটা সময়। তবে জীবনেরও যেখানে ইতি ঘটে, সেখানে কল্পনা করুন একটা ফুটবল দলের সঙ্গে সময় শেষ হওয়ার ব্যাপারটা ঠিক কেমন। আমি এখানে সময়টা উপভোগ করেছি এবং আমি এটা ভালোভাবে শেষ করতে চাই। আর এরপর ২৬ তারিখে আমি অন্য চ্যালেঞ্জ নিয়ে কথা বলব।”

এখনও আনচেলত্তির বিদায়ের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি রেয়াল মাদ্রিদ। এ নিয়ে প্রতিবেদকরা প্রশ্ন তুললে বিদায়ী কোচ নিশ্চিত করেন, সিদ্ধান্তের ক্ষেত্রে সম্পৃক্ত ছিল সব পক্ষই।

“রেয়াল একটি বিবৃতি দেবে, যখন তারা মনে করবে উপযুক্ত সময় এসেছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের মধ্যেই কোনো সমস্যা বা ঝামেলা নেই।”

“রেয়ালের সঙ্গে আমার কখনও ঝামেলা ছিল না এবং রেয়ালের সঙ্গে আমার কখনও ঝামেলা হবেও না। এই ক্লাব আমার হৃদয়ে আছে অনেক ভালোবাসা নিয়ে। তবে জীবনে সব কিছুরই শেষ হওয়ার একটা সময় থাকে।”

৬৫ বছর বয়সী আনচেলত্তি ফুটবলে সফল কোচদের একজন। দ্বিতীয় মেয়াদে রেয়ালে আরও বেশি সাফল্য পেয়েছেন তিনি। তবে চলতি মৌসুমে শিরোপাশূন্য মৌসুমের দুয়ারে তার দল।

তিন রাউন্ড বাকি থাকতে বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে তারা। দলটি বুধবার মায়োর্কাকে হারাতে না পারলেই শিরোপা জিতে যাবে হান্সি ফ্লিকের দল। রেয়াল জিতলেও পরদিন এস্পানিওলকে হারাতে পারলেই সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে তারা। 

মৌসুমের শেষ দিকের নাটকীয়তায় ধারণা করা হচ্ছিল, রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে আসরে রেয়ালের শেষ ম্যাচের পর আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে ঘোষণা আসবে। তার জায়গায় শাবি আলোন্সোর কোচ হয়ে আসাও প্রায় নিশ্চিত। রেয়ালে প্রথম মেয়াদে যাকে কোচিং করিয়েছেন সেই স্প্যানিশ মিডফিল্ডারের প্রতি আস্থা থাকার কথা বললেন আনচেলত্তি। 

“আমি (আলোন্সোর) বড় অনুরাগী। তাকে আমার কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভবিষ্যতে দারুণ কোচ হওয়ার সব উপকরণ তার মধ্যে আছে।”

রেয়ালে শেষটা মনমতো না হলেও তৃপ্তি নিয়েই বের্নাবেউ ছাড়ার কথা বললেন আনচেলত্তি।

“যেদিন আমি এলাম, সেদিন যদি কেউ বলত আমি চার বছরে ১১টি ট্রফি জিতব, তাহলে আমি রক্ত দিয়ে সই করে রাখতাম। অনেক কারণেই এই মৌসুম ভালো কাটেনি। তবে পুরো সময়টা ছিল অবিস্মরণীয়।”

“জীবনের বাকি সময়টায় আমি মাদ্রিদের কোচ থেকে যেতে পারি না। অনেক কারণেই এর সমাপ্তি ঘটছে। ক্লাবের এখন নতুন উদ্দীপনা প্রয়োজন। এ নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না। এই ক্লাবকে অনেক ধন্যবাদ। আমরা এগিয়ে যাব। আমি সবসময়ই একজন মাদ্রিদ ভক্ত থাকব। এটা একটি যুগের সমাপ্তি। অসাধারণ। কখনও ভাবিনি আমি ছয় বছর মাদ্রিদের কোচ থাকতে পারব, কিন্তু এখন সেটা ঘটেছে।”