২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার প্রধান কোচের দায়িত্বে ফন পার্সি

ডাচ ক্লাব হিরেনভিনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড।

প্রথমবার প্রধান কোচের দায়িত্বে ফন পার্সি
রবিন ফন পার্সি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 05:51 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় মনোযোগ দেওয়া রবিন ফন পার্সি এবার পেয়েছেন বড় দায়িত্ব। নতুন প্রধান কোচ হিসেবে নেদারল্যান্ডসের সাবেক এই ফরোয়ার্ডকে নিয়োগ দিয়েছে হিরেনভিন।

৪০ বছর বয়সী ফন পার্সিকে দায়িত্ব দেওয়ার কথা শুক্রবার বিবৃতিতে জানায় ডাচ ক্লাবটি। কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনিয়র কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।

হিরেনভিনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেওয়া ফন পার্সি।

এর আগে নেদারল্যান্ডসের আরেকটি ক্লাব ফেইনুর্দের সঙ্গে কাজ করেছেন ফন পার্সি। ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের দায়িত্বে ছিলেন তিনি। এই ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করা ফন পার্সির শেষটাও এই ক্লাবে।

মাঝে আর্সেনালে দীর্ঘ ৯ বছর কাটান ফন পার্সি। পরে যোগ দেন আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পান তিনি।

ক্লাব ক্যারিয়ারে ৫৯৫ ম্যাচ খেলে ২৭৪ গোল করেন ফন পার্সি। অ্যাসিস্ট করেন ৯৪টি। নেদারল্যান্ডসের জার্সিতে ১০২ ম্যাচ খেলে তার গোল ৫০টি। আন্তর্জাতিক ফুটবলে ডাচদের হয়ে যা সর্বোচ্চ। 

নেদারল্যান্ডসের শীর্ষ লিগে এখন দশম স্থানে আছে হিরেনভিন। লিগে মৌসুমের শেষ ম্যাচ খেলবে তারা আগামী রোববার, স্পার্তা রটাডামের বিপক্ষে।