১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বর্ষসেরা ক্লাবের পুরস্কার পাওয়ার রাতে মাঠে তেতো স্বাদ পেল পিএসজি

মৌসুমের প্রথম পরাজয়ের রাতে লিগ টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে লিগ আঁর শিরোপাধারীরা।

বর্ষসেরা ক্লাবের পুরস্কার পাওয়ার রাতে মাঠে তেতো স্বাদ পেল পিএসজি
ম্যাচের শুরুতেই পিএসজির জালে বল পাঠিয়ে উচ্ছ্বসিত মার্সেইয়ের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 03:30 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

অধরা স্বপ্ন পূরণ হয়েছে গত মৌসুমে, ক্লাবের কেবিনেটে যোগ হয়েছে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সঙ্গে লিগ আঁ ও লিগ কাপ মিলিয়ে ট্রেবল জয়ের আনন্দ এবং দুর্দান্ত ওই মৌসুমের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে পিএসজি। কিন্তু বিশেষ এই রাতটা মাঠের ফুটবলে ভালো কাটেনি তাদের। পেয়েছে মৌসুমে প্রথম হারের স্বাদ।

লিগ আঁ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম চার ম্যাচেই জয়ের পর, সোমবার রাতে মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে লুইস এনরিকের দল।

মার্সেইয়ের মাঠে পঞ্চম মিনিটেই গোলটি হজম করে তারা। কাছ থেকে হেডে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগার্ড।

লড়াইয়ে ফেরার জন্য প্রায় পুরোটা সময়ই বাকি ছিল পিএসজির সামনে। বল দখল ও আক্রমণে এগিয়েও থাকে তারা; কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থ হয় পুরো দল। গোলের জন্য ১২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রেখে একবারও জালে পাঠাতে পারেনি ইউরোপ চ্যাম্পিয়নরা। 

প্যারিসে জমকালো ব্যালন দ’র অনুষ্ঠানে গতবারের সেরা ক্লাবের পুরস্কার জেতে পিএসজি। পুরস্কারটি তুলে দেওয়া হয় ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফির হাতে। এই অনুষ্ঠানেই বর্ষসেরা কোচের পুরস্কার পান ক্লাবটিকে সাফল্যের শীর্ষে নেওয়া এনরিকে এবং বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন দ’র জয় করেন এই ক্লাবেরই উসমান দেম্বেলে।

এত এত প্রাপ্তির দিনটা জয়ে রাঙাতে পারল না পিএসজি। লিগ টেবিলের শীর্ষস্থানও হারাল তারা। 

পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দলটি আছে দুইয়ে। সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে মোনাকো। তৃতীয় স্থানে লিওঁর পয়েন্টও তাদের সমান।

ইয়ামালকে হারিয়ে ব্যালন দ'র দেম্বেলের

আরেকবার ইয়াশিন ট্রফি জিতে মার্তিনেসের পাশে দোন্নারুম্মা

পিএসজিকে ট্রেবল জিতিয়ে ইয়োহান ক্রুইফ ট্রফি এনরিকের

ফের কোপা ট্রফি জিতলেন ইয়ামাল