২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক বড় শূন্যতা নিয়েই রেয়াল মাদ্রিদের সামনে ম্যানচেস্টার সিটি

প্রিমিয়ার লিগের জয়ের ধারা এবার চ্যাম্পিয়ন্স লিগে টেনে নেওয়ার চ্যালেঞ্জ হলান্ড-ফোডেনদের সামনে।

অনেক বড় শূন্যতা নিয়েই রেয়াল মাদ্রিদের সামনে ম্যানচেস্টার সিটি
রেয়াল মাদ্রিদের বিপক্ষেও রদ্রিকে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 12:34 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

‘মাঠে স্রেফ উপস্থিত থেকে, এমনকি বল না ছুঁয়েও ব্যবধান গড়ে দিতে পারে’- দলে রদ্রি কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে কয়েকদিন আগে এই মন্তব্য করেছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। অনেক বড় এই শূন্যতা নিয়েই রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে ইংলিশ দলটিকে।

২০২৩-২৪ মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের অক্টোবরে ব্যালন দ’র জয় করেন রদ্রি। ট্রফি নিতে সেদিন ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন তিনি। তার আগের মাসেই যে এসিএল চোটে ছিটকে পড়েছিলেন প্রায় পুরো মৌসুম থেকে।

রদ্রির ছিটকে পড়ার সঙ্গে তার দল সিটিও যেন সাফল্যের চেনা পথটা হারিয়ে ফেলে। সেই চোটে ২৩৬ দিন বাইরে থাকার পর, মাঠে ফিরলেও এখনও স্বরূপে ফিরতে পারেননি স্পেনের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফিরবেনই বা কী করে, তারপর থেকে আরও তিন দফায় পেয়েছেন চোট।

এখনও তিনি চোটের কাছে হার মেনেই আছেন দলের বাইরে। হ্যামস্ট্রিংয়ের চোটে গত দুই মাসে মাত্র ১ মিনিট খেলতে পেরেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ভীষণ গুরুত্বপূর্ণ আসছে ম্যাচেও তাকে পাচ্ছেন না গুয়ার্দিওলা। 

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রেয়ালের মুখোমুখি হবে সিটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচটির জন্য রদ্রিকে বাইরে রেখেই মঙ্গলবার ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে প্রিমিয়ার লিগের দলটি।

ইউরোপ সেরার মঞ্চে সবশেষ ম্যাচে ঘরের মাঠে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল সিটি। ওই ম্যাচে দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন গুয়ার্দিওলা। 

তারপর অবশ্য প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলে প্রতিটিই জিতেছে তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগেও সেই মোমেন্টাম টেনে নেওয়ার চ্যালেঞ্জ হলান্ড-ফোডেনদের সামনে।

চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে সিটি। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রেয়াল মাদ্রিদ।