আরও কয়েক বছর শীর্ষ ফুটবলে নিজেকে দেখেন ফন ডাইক
তবে লিভারপুলে চুক্তি নবায়ন নিয়ে কিছু বলেননি ৩৩ বছর বয়সী ডাচ ডিফেন্ডার।
এখনই থেমে যাওয়ার কিছু দেখছেন না ভার্জিল ফন ডাইক। লিভারপুল অধিনায়ক মনে করছেন, আরও কয়েক বছর শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য তার আছে।
দুই ক্লাব সতীর্থ মোহামেদ সালাহ ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে ফন ডাইকের চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষে। নতুন কোচ আর্না স্লটের কোচিংয়ে খেলা উপভোগও করছেন তিনি। তবে চুক্তি নবায়ন নিয়ে কিছু বলেননি ৩৩ বছর বয়সী ডাচ ডিফেন্ডার।
প্রাইম ভিডিওর সঙ্গে আলাপচারিতায় লিভারপুল অধিনায়ক ফন ডাইক বললেন, আরও কয়েক বছর শীর্ষ লিগে খেলার সামর্থ্য নিজের মধ্যে দেখেন তিনি।
“আমি ক্লাবকে ভালোবাসি। ক্লাব আমাকে ভালোবাসে। আমি সমর্থকদের ভালোবাসি, সমর্থকরাও আমাকে ভালোবাসে, আর এটা সফল হওয়ার খুব ভালো ভিত।”
“আমার মতে, আমি অন্তত আরও তিন বা চার বছর সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারি। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে।”
চলতি মৌসুম দারুণ কাটছে লিভারপুলের। এক ম্যাচ হাতে রেখে পয়েন্ট তালিকায় চার পয়েন্টে এগিয়ে থেকে চূড়ায় আছে স্লটের দল। চ্যাম্পিয়ন্স লিগে ধরে রেখেছে শতভাগ জয়ের ধারা। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মুখোমুখি হবে তারা।
