২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমালোচনায় আর্জেন্টিনা গোলরক্ষক, ‘আমাদের সবচেয়ে বাজে ম্যাচগুলোর একটি’

মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর সতীর্থদের আরও ভালো খেলার তাগিদ দিলেন এমিলিয়ানো মার্তিনেস।

আত্মসমালোচনায় আর্জেন্টিনা গোলরক্ষক, ‘আমাদের সবচেয়ে বাজে ম্যাচগুলোর একটি’
এমিলিয়ানো মার্তিনেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 03:10 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে জয়ের ব্যবধান স্রেফ এক গোলের। মৌরিতানিয়ার বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিল না আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের সরল স্বীকারোক্তি- খুব বাজে খেলেছেন তারা।

ঘরের মাঠে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া প্রীতি ম্যাচটি ২-১ গোলে জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধেই তাদের গোল দুটি করেন এন্সো ফের্নান্দেস ও নিকো পাস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমায় সফরকারীরা।

ম্যাচে ৬৪ শতাংশ পজেশন রেখে গোলের জন্য কেবল সাতটি শট নিতে পারে আর্জেন্টিনা, যার চারটি ছিল লক্ষ্যে। মৌরিতানিয়ার ১১ শটের চারটি ছিল লক্ষ্যে।

বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক উইন্ডো এটি। এই ম্যাচে তাই বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মহাতারকা লিওনেল মেসি ও রদ্রিগো দে পলকে খেলান বিরতির পর। তবে শেষ পর্যন্ত ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১৫তম দলের বিপক্ষে আর্জেন্টিনা তাদের শক্তির পার্থক্য দেখাতে পেরেছে খুব সামান্যই।

ম্যাচ শেষে আত্মসমালোচনায় বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্তিনেস বলেন, সবকিছুতেই অনেক ঘাটতি ছিল তাদের।

“সত্যি বলতে, বেশ দুর্বল ছিল আমাদের পারফরম্যান্স। প্রীতি ফুটবলে আমাদের খেলা সবচেয়ে বাজে ম্যাচগুলোর একটি এটি। আমাদের খেলায় তীব্রতার অভাব ছিল, সমন্বয়ের অভাব ছিল, গতিও কম ছিল। বিষয়টি আমাদের বিশ্লেষণ করতে হবে। যখন আমরা জাতীয় দলের জার্সি পরব, তখন আমাদের আরও ভালো খেলতে হবে।”

এদিন ফিনালিস্সিমায় ইউরো চ‍্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল কোপা আমেরিকা চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে ইরান যুদ্ধে নিরাপত্তা শঙ্কায় কাতার থেকে ম‍্যাচ সরিয়ে নেওয়া হয়। নতুন ভেন‍্যু নিয়ে উয়েফা ও কনমেবল একমত হতে না পারায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ম‍্যাচটি।

ওই ম্যাচের প্রসঙ্গ টেনে কিছুটা মজাও করলেন ৩৩ বছর বয়সী মার্তিনেস। 

“ভাগ্যিস (ম্যাচটি বাতিল হয়েছিল), আমরা যদি এভাবে খেলতাম, তাহলে হেরে যেতাম।”

সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ স্কালোনিও।

“এটা সত্যি যে ম্যাচটা আমরা ভালো খেলিনি, এটাই বাস্তবতা। যেমনটা আমরা সবসময় বলি, কোনো সহজ প্রতিপক্ষ নেই। আজ দল ভালো খেলেনি। আমাদের এটা মেনে নিতে হবে। আমি চিন্তিত নই। বরাবরের মতোই কিছু বিষয় শুধরে নেওয়ার আছে এবং সেগুলো এখন করাই ভালো।”

পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সোয়া পাঁচটায় জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।