Published : 21 Aug 2026, 08:47 PM
স্কোয়াডের সব খেলোয়াড়কে আশা দেখালেন জোসে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচ বললেন, কোনো নির্দিষ্ট একাদশ ঠিক করবেন না তিনি। নিজেকে মেলে ধরতে পারলে একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়সহ সবার জন্যই থাকবে সুযোগ।
এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হবে রেয়ালের। লা লিগার এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রোববার দেড়টায় (এএম)। এর আগের দিন সংবাদ সম্মেলনে শুরুর একাদশ নিয়ে বললেন মরিনিয়ো।
“খেলোয়াড়রা জানে, কে খেলবে। আমি ব্যাপারগুলো গোপন রাখি না, ওরা জানে। হয়তো আপনারা ঘণ্টা দুয়েক পরে তথ্যগুলো পেয়ে যাবেন। আমি এখানে সেটা বলব না।
“আমার কোনো আদর্শ একাদশ নেই। প্রতিযোগিতার জন্য আমি দরজা খোলা রাখতে চাই। প্রচুর ম্যাচ খেলতে হবে। প্রতি তিন দিনে একটা ম্যাচ খেলতে হবে। এরপর ওরা তিন সপ্তাহের ছুটিতে যাবে। আমি জানি না, ফেরার পর তাদের অবস্থা কেমন থাকবে।”
দ্বিতীয় মেয়াদে সান্তিয়াগো বের্নাবেউয়ে এসেছেন মরিনিয়ো। মাঝে বদলে গেছে অনেক কিছু। তবে দলের কর্তৃত্ব নিতে মোটেও সময় লাগেনি ‘দা স্পেশাল ওয়ানের।’ এক প্রশ্নের জবাবে তিনি বললেন, এই দল এখন তারই।
“মরিনিয়োর দল হবে কবে? ভালো বা খারাপ হোক, এখন এটা আমার দল। আমি মনে করি, আমাদের প্রতিদিন উন্নতি করতে হবে। দুই বা তিন বছর একই কোচ থাকে, আমি এমন দল পছন্দ করি। কারণ আপনি তথ্য সঞ্চয় ও পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে যাবেন।
“একটা দলের সবসময়ই উন্নতির জায়গা থাকে। আমাদের অনেক দূর যেতে হবে। প্রতিযোগিতা আমাদের জন্য অপেক্ষা করবে না। আমাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। যখন আমি বলি, সেরাটা আসতে এখনও বাকি, তখন আপনারা খেলোয়াড়দের কথা ভাবেন। আমি ম্যাচের কথা বলি। আমরা গুরুত্ব দিয়ে প্রীতি ম্যাচগুলো খেলেছি, এখন আমাদের সামনে পয়েন্টের লড়াই। আমাদের সবটুকু দিয়ে লড়াই করতে হবে। অর্জিত প্রতিটি পয়েন্ট আমাদের সিবেলেসের কাছে (মাদ্রিদের দলগুলো তাদের সাফল্য এখানে উদযাপন করে থাকে) নিয়ে যাবে।”
টানা দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রেয়াল। গত মৌসুম তো ছিল পুরোপুরি শিরোপাশূন্য। দলকে সেখান থেকে কক্ষপথে ফেরাতে চান মরিনিয়ো।
“আমাদের সামনে তিনটি বড় ও একটি ছোট প্রতিযোগিতা আছে। রেয়াল মাদ্রিদে কোনো শিরোপা জিততে না পারা সফল মৌসুম নয়।”