কোপা আমেরিকার ব্যর্থতায় ক্ষমা চাইলেন ভিনিসিউস
কোয়ার্টার-ফাইনাল হেরে ব্রাজিলের বিদায়ে নিজের ভুল দেখছেন ভিনিসিউস জুনিয়র।
কার্ড খাড়ায় কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল খেলতে পারেননি ভিনিসিউস জুনিয়র। গ্যালারিতে বসে দেখেন টাইব্রেকার হেরে ব্রাজিলের বিদায়। পরপর দুই টুর্নামেন্টে হতাশার পর ঘুরে দাঁড়ানোর অভিযান শুরুর প্রত্যয় তরুণ ফুটবলারের। এর আগে নিজের ভুলের জন্য ক্ষমাও চাইলেন তিনি।
গ্রুপ পর্বে প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেন ভিনিসিউস। তাই শেষ আটে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারেননি ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। সেদিন টাইব্রেকারে হেরে যাওয়ায় গ্রুপের তিন ম্যাচেই শেষ হয় ভিনিসিউসের কোপা আমেরিকা।
প্যারাগুয়ে ম্যাচে করা জোড়া গোল তার এবারের প্রাপ্তি। সেদিনই ম্যাচের শেষ দিকে অহেতুক মেজাজ হারিয়ে প্রথম হলুদ কার্ড দেখেন ভিনিসিউস। পরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে দেখেন আরেকটি। যা বড় ধাক্কা হয়ে আসে ব্রাজিলের জন্য।
ভিনিসিউসের জায়গায় কোয়ার্টার-ফাইনালে ম্যাচের শুরু থেকে খেলে নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি এন্দ্রিক। ভুলে যাওয়ার মতো ম্যাচে পুরো ৯০ মিনিটে মাত্র একটি সফল পাস দেন তিনি।
সব মিলিয়ে দলের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। তবু মূল ম্যাচ গোলশূন্য সমতায় শেষ করে তারা। টাইব্রেকারে ব্রাজিলের এদের মিলিতাও ও দগলাস লুইস লক্ষ্যভেদে ব্যর্থ হলে শেষ চারে নাম লেখায় উরুগুয়ে।
প্রায় ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও যেন বিদায়ের যন্ত্রণা ভুলতে পারছেন না ভিনিসিউস। সামাজিক মাধ্যমে সমর্থকদের জন্য বিশদ বার্তা দিয়েছেন তিনি।
“(ব্রাজিলের জন্য) কোপা আমেরিকা শেষ হয়ে গেছে। এখন পর্যালোচনার সময় এবং কীভাবে পরাজয়ের মোকাবেলা করতে হবে, তা জানতে হবে। হতাশার অনুভূতিটা ফিরে আসছে। আবারও পেনাল্টিতেই (বিদায়)।”
এর আগে ২০২২ ফিফা বিশ্বকাপেও কোয়ার্টার-ফাইনালেই থেমেছিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ আটের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানেই হারে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সেদিন শুরু থেকে খেললেও তেমন কিছু করতে না পারায় ৬৪তম মিনিটে ভিনিসিউসকে উঠিয়ে রদ্রিগোকে নামান ব্রাজিল কোচ। পরে টাইব্রেকারে প্রথম শটে গোল করতে ব্যর্থ হন রদ্রিগো। লক্ষ্যভেদ করতে পারেননি মার্কিনিয়োসও।
এবার কোপা আমেরিকায় দুই বছর আগের সেই স্মৃতি ফিরে আসায় নিজের ভুলও দেখছেন ভিনিসিউস।
“এড়ানোর মতো দুটি ঘটনায় আমি হলুদ কার্ড দেখলাম। আরও একবার বাইরে বসে দলের বিদায় দেখলাম। তবে এবার ভুল আমার ছিল। সেজন্য ক্ষমা চাইছি। আমি জানি কীভাবে সমালোচনা সইতে হয়। বিশ্বাস করুন, সবচেয়ে কঠিন সমালোচনা কাছের মানুষ থেকেই আসে।”
বিদায়ের পর থেকেই ব্রাজিলের কোচ এবং ফুটবলাররা দর্শক-সমর্থকদের শোনাচ্ছেন নানান আশার কথা। ভিনিসিউসও এর ব্যতিক্রম হলেন না।
“সৌভাগ্যবশত জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে। সতীর্থদের সঙ্গে জাতীয় দলকে তার যথাযথ জায়গায় আবারও ফিরিয়ে নেওয়ার সুযোগটা আমার থাকবে। আমরা আবারও শীর্ষে ফিরব। আমি আপনাদের ভালোবাসি। চলুন একসঙ্গে এগিয়ে যাই।”
২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ৫ গোল করেছেন ভিনিসিউস।
