২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লটারিতে ব্যর্থ’ অধিনায়কের পাশে একুয়েডর কোচ

পেনাল্টিতে ব্যর্থতার প্রসঙ্গে এনের ভালেন্সিয়ার পাশে দাঁড়ালেন একুয়েডর কোচ ফেলিক্স সানচেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 02:01 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

দারুণ সম্ভাবনা জাগিয়েও টাইব্রেকারে হেরে কোয়ার্টার-ফাইনালে থেমে গেছে একুয়েডরের কোপা আমেরিকা যাত্রা। অথচ মূল ম্যাচেই জিততে পারত তারা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি এনের ভালেন্সিয়া। তাই বলে অধিনায়ককে কোনো দায় দিতে রাজি নন দলের কোচ ফেলিক্স সানচেস।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে ৪-২ গোলে হারে একুয়েডর। এর আগে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

প্রথমার্ধে ৩৫তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেস। পরে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের প্রথম মিনিটে সেটি শোধ করেন বদলি হিসেবে নামা কেভিন রদ্রিগেস। অথচ সেটিই হতে পারত একুয়েডরের জয়সূচক গোল।

৬০তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল রদ্রিগো দে পলের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শট নিতে এগিয়ে আসেন একুয়েডর অধিনায়ক ভালেন্সিয়া। পুরোপুরি পরাস্ত হয়ে বাম দিকে ঝাঁপ দেন এমিলিয়ানো মার্তিনেস। কিন্তু ভালেন্সিয়ার শট লাগে ডান পোস্টে। 

পরে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ভালেন্সিয়াকে তুলে নেন সানচেস। তাই টাইব্রেকারে শট নেওয়ার সুযোগ পাননি একুয়েডর অধিনায়ক। শ্যুটআউটে মার্তিনেসের বীরত্বে সুবিধা করতে পারেনি সানচেসের দল। 

ম্যাচ শেষে ঘুরে-ফিরে আসে ভালেন্সিয়ার ব্যর্থতার প্রসঙ্গ। তখন পেনাল্টিকে লটারি হিসেবে উল্লেখ করে অধিনায়কের সামনে ঢাল হয়ে দাঁড়ান একুয়েডর কোচ।

"সে দলের অধিনায়ক। আত্মবিশ্বাসী ছিল দেখেই সে পেনাল্টি শট নিয়েছিল। কিন্তু গোল করতে পারেনি। ফুটবলে এমন হতেই পারে।"

"তবে খেলার আরও অনেক দিকে সে অবদান রাখতে পেরেছে। সে সুযোগটা নিয়েছে, আমরা সত্যিই এটার প্রশংসা করি। আজকে এটি লটারি ছিল। কিন্তু (জালের) ভেতরে যায়নি। হয়তো পরেরবার যাবে।"