২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ বছরে চিরবিদায় মরক্কোর মিডফিল্ডারের

আব্দেলাজিজ বেরাদার মৃত্যুর কারণ জানা যায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 03:48 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

জীবনের পথচলা দীর্ঘ হলো না ফুটবলার আব্দেলাজিজ বেরাদার। মাত্র ৩৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমালেন মরক্কোর এই মিডফিল্ডার।

বেরাদার মৃত্যুর খবর বৃহস্পতিবার জানিয়েছে তার সাবেক ক্লাব মার্সেই। আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে মরক্কোর গণমাধ্যমে তার মৃত্যুর কারণ বলা হয়েছে ‘হার্ট অ্যাটাক’।

ফ্রান্সে জন্ম নিলেও আন্তর্জাতিক ফুটবলে খেলার জন্য মরক্কোকে বেছে নেন বেরাদা। দেশটির হয়ে খেলেন ২৬ ম্যাচ। ২০১১ সালে অনূর্ধ্ব-২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে ওঠা মরক্কো দলের অংশ ছিলেন তিনি।

ক্যারিয়ারে ফরাসি ক্লাব মার্সেই ছাড়াও স্প্যানিশ দল গেতাফের হয়ে খেলেছেন বেরাদা। তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ক্লাবেও খেলেছেন তিনি। ফরাসি ক্লাব পিএসজির রিজার্ভ দলের হয়েও মাঠে নেমেছেন এই মিডফিল্ডার।

২০২১ সালে ফুটবলকে বিদায় বলা বেরাদা সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ২২৭ ম্যাচ। ৪০ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩৬টিতে।