লেভানদোভস্কিকে যেভাবে আটকাতে চায় চেলসি
ছন্দে থাকা বার্সেলোনা স্ট্রাইকারকে যতটা সম্ভব নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনা সাজিয়ে রাখার কথা বললেন চেলসি কোচ এন্টসো মারেস্কা।
দারুণ ছন্দে আছেন রবের্ত লেভানদোভস্কি। বার্সেলোনার সবশেষ দুই ম্যাচে পোলিশ তারকা করেছেন চার গোল। চ্যাম্পিয়ন্স লিগের আসছে ম্যাচে চেলসির জন্য বড় হুমকি হতে পারেন তিনিই। ইংলিশ ক্লাবটির কোচ এন্টসো মারেস্কা বললেন, অভিজ্ঞ স্ট্রাইকারকে যতটা সম্ভব নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তারা।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
কাম্প নউয়ে ফেরার ম্যাচে গত শনিবার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ৪-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন লেভানদোভস্কি। আগের রাউন্ডে আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সেল্তা ভিগোর বিপক্ষে দলের ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন ৩৭ বছর বয়সী তারকা।
এবারের লা লিগায় ১০ ম্যাচে ৮ গোল করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ও দলের সর্বোচ্চ স্কোরার তিনি। সোমবার সংবাদ সম্মেলনে মারেস্কা বলেন, লেভানদোভস্কিকে আটকাতে ‘আক্রমণাত্মক’ হতে হবে তাদের। একই সঙ্গে বার্সেলোনার অন্য খেলোয়াড়দের নিয়েও সতর্ক তিনি।
“অবশ্যই সে দুর্দান্ত খেলোয়াড়। ক্যারিয়ারজুড়ে সে দেখিয়েছে, ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সে করে, তা হলো গোল করা। আমরা তাকে আটকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, আর সেটা হলো আক্রমণাত্মক হয়ে।”
“তবে লেভানদোভস্কি, লামিনে ইয়ামাল, ফের্মিন লোপেস, ফ্রেংকি ডি ইয়ং, তাদের অনেক খেলোয়াড় আছে। একই সঙ্গে আমাদেরও অনেক খেলোয়াড় আছে, যারা ম্যাচ জয়ের চেষ্টা করতে পারবে।”
প্রথম পর্বে চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বার্সেলোনা। একই পরিসংখ্যানে সমান পয়েন্ট নিয়ে লা লিগা চ্যাম্পিয়নদের পরেই আছে চেলসি।
