১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোনোরকমে জিতে ফিনিশিংয়ে উন্নতির তাগিদ ফ্লিকের

বার্সেলোনা কোচের মতে, অনেক সুযোগ নষ্ট না করলে আলবাসেতের বিপক্ষে ম‍্যাচ এত কঠিন হতো না।

কোনোরকমে জিতে ফিনিশিংয়ে উন্নতির তাগিদ ফ্লিকের
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ফিনিশিংয়ে ইদানিং বেশ ভুগছে বার্সেলোনা। হাতছাড়া করছে অনেক সুযোগ। দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে সবশেষ ম‍্যাচেই যেমন এই জন‍্য জয় পেতে খুব কষ্ট করতে হয়েছে তাদের। এই পরিস্থিতি এড়াতে ফিনিশিংয়ে উন্নতির তাগিদ দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। 

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার ২-১ গোলে জিতেছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। 

একটুর জন‍্য অনেক সুযোগ হাতছাড়ার মাশুল দিতে হয়নি বার্সেলোনার। ম‍্যাচের শেষ দিকে ব‍্যবধান কমানোর পর যোগ করা সময়ে সমতা প্রায়ই ফিরিয়েই ফেলেছিল আলবাসেতে। গোললাইন থেকে হেড করে দলকে রক্ষা করেন জেরার্দ মার্তিন।  

প্রতিপক্ষের মাঠে ৭৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বার্সেলোনা, এর সাতটি ছিল লক্ষ্যে। রবের্ত লেভানদোভস্কি, দানি ওলমো, ফেররান তরেসরা নষ্ট করেন অনেক সুযোগ। ম‍্যাচ শেষে এ নিয়ে আক্ষেপ ঝরল ফ্লিকের কণ্ঠে।

“এটা ছিল কঠিন একটি ম‍্যাচ এবং আমি মনে করি আমরা এটা অনেক সহজে করতে পারতাম। কারণ, আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। আমরা দুই অর্ধেই দাপট দেখিয়েছি, যদিও শেষ দিকে আমরা রক্ষণে কিছুটা ভুগেছি। আমি মনে করি, জয় আমাদের প্রাপ‍্য। আমি খুশি, দল নিয়ে গর্বিত। আমরা সেমি-ফাইনালে আছি, এটাই সবচেয়ে বড় ব‍্যাপার।” 

“কাপ ম‍্যাচে খেলা সবসময়ই কঠিন। আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং আমাদের প্রয়োজন সেগুলো আরও ভালোভাবে কাজে লাগানো। শেষ পর্যন্ত এটা ন‍্যায‍্য ফল। সমানে-সমান একটা ম‍্যাচ ছিল। তবে সার্বিকভাবে আমি মনে করি, আমাদের জয় প্রাপ‍্য ছিল, যদিও সুযোগগুলো আমাদের আরও ভালোভাবে কাজে লাগাতে পারা উচিত।” 

ফরোয়ার্ডদের অসংখ‍্য সুযোগ নষ্টের ভীড়ে এদিন হেডে চমৎকার একটি গোল করেছেন বার্সেলোনা অধিনায়ক রোনাল্দ আরাউহো। কঠিন সময় পার করে ধীরে ধীরে ছন্দে ফেরা ডিফেন্ডারের জন‍্য এই গোল খুবই অর্থবহ বলে মনে করছেন ফ্লিক।

“সে ধাপে ধাপে এগোচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এই গোল তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায‍্য করবে এবং সে নিজেকে নিয়ে আরও ভালো অনুভব করবে। আমরা তাকে সমর্থন করি এবং তার পাশে আছি। শেষ দিকে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তবে সে ভালো একটা ম‍্যাচ খেলেছে। নিজের ও আমাদের জন‍্য গুরুত্বপূর্ণ একটি গোল করেছে।”