রেয়াল মাদ্রিদে কিছুটা স্বস্তির হাওয়া
তবে রক্ষণভাগ নিয়ে দুর্ভাবনা রয়ে গেছে আগের মতোই।
আসছে ম্যাচে নিয়মিত স্কোয়াডের সর্বোচ্চ ১২ জনকে না পাওয়ার যে শঙ্কায় ছিল রেয়াল মাদ্রিদ, তাতে খানিকটা স্বস্তির খবর মিলেছে। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে।
মাঠে সময়টা ভীষণ খারাপ কাটছে এমবাপের। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের মাত্র দুটিতে জিতেছে তারা। এর মধ্যে লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটি। ঘরের মাঠে হেরেছে টানা দুই ম্যাচে।
মাসখানেক আগেও যারা ছিল লা লিগায় ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে, তারাই এখন উল্টো ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলেও অবস্থান আশানুরূপ নয়।
ইউরোপের সফলতম দলটির এমন বিবর্ণতার পেছনে তাদের খেলোয়াড়দের একের পর এক চোটে পড়ার বড় প্রভাব আছে। ঘরোয়া লিগে রোববার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের মধ্যে ১২ জনকে হয়তো পাবে না রেয়াল, শুক্রবার এমন খবর আসে বিভিন্ন গণমাধ্যমে।
পরদিন সেই শঙ্কায় বলা যায় একটু স্বস্তির হাওয়া লেগেছে। হাঁটুর চোট থেকে সেরে উঠে শনিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। আলাভেসের বিপক্ষে তার খেলার সম্ভাবনাও এখন বেশ জোরাল বলে ধারণা করা হচ্ছে।
আলাভেসের মাঠে রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।
চোটের আঘাতে এই ম্যাচে হয়তো রক্ষণভাগে প্রথম পছন্দের কাউকেই পাবেন না রেয়াল কোচ শাবি আলোন্সো। এমনকি হাত বাড়াতে হতে পারে ক্লাবের ‘বি’ দলে।
ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, দানি কার্ভাহাল, ডাভিড আলাবা, ফেরলঁদ মঁদি ও এদের মিলিতাও নিশ্চিতভাবেই দলে থাকবেন না। সঙ্গে নিষেধাজ্ঞার জন্য আলাভেস ম্যাচ থেকে ছিটকে গেছেন ফ্রান গার্সিয়া ও আলভারো কারেরাস।
দুই মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেদে ভালভের্দে এবং আরও দুই ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও ডিন হাউসেনও অনিশ্চিত আলাভেসের বিপক্ষে।
১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রেয়াল মাদ্রিদ। শীর্ষে বার্সেলোনার পয়েন্ট ৪০।
