বিশ্বকাপে নরওয়ের ফেরা: রোমাঞ্চিত কাসপের রাড
নরওয়ের এই তারকা টেনিস খেলোয়াড় ফিফার সঙ্গে সাক্ষাৎকারে ফুটবলের প্রতি তার ভালোবাসার কথা বললেন, আসন্ন বিশ্বকাপে দলের কাছে প্রত্যাশার কথাও বললেন।
ক্রীড়াঙ্গনে দারুণ সাফল্য পাচ্ছে নরওয়ে। পদক তালিকার শীর্ষে থেকে চলতি বছরের শীতকালীন অলিম্পিকে শেষ করেছে তারা। দাবায় একাধিক বৈশ্বিক চ্যাম্পিয়নশিপ জিতেছেন মাগনাস কার্লসেন। দেশটির জাতীয় ফুটবল দল দাপুটে পারফরম্যান্সে ফিরেছে বিশ্বকাপে। আর্লিং হলান্ড, মার্টিন ওডেগোরদের এই কীর্তিতে রোমাঞ্চিত দেশটির টেনিস তারকা কাসপের রাড।
১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলবে নরওয়ে। তাদের এই অর্জন অনুপ্রাণিত করছে রাডসহ দেশটির অ্যাথলেটদের। ২০২৬ আসরে ‘আই’ গ্রুপে গত দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স, আফ্রকার চ্যাম্পিয়ন সেনেগাল ও ফিফা প্লে-অফ জয়ী (বলিভিয়া/ইরাক/সুরিনাম) দলের বিপক্ষে খেলবে নরওয়ে।
তিনবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট রাড এক সময়ে র্যাঙ্কিংয়ে ছিলেন দুই নম্বরে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ও নরওয়ে জাতীয় দলের এই ভক্ত ডেলরে বিচ ওপেনে খেলতে ফ্লোরিডায় আছেন। সেখানেই ফিফার সঙ্গে সাক্ষাৎকারে ক্রীড়ায় নরওয়ের উন্নতি নিয়ে কথা বলেন রাড।
“বিশ্বকাপে নরওয়ের ফেরা অনেক বড় ব্যাপার। সাইডলাইন থেকে একজন দর্শক ও ভক্ত হিসেব নরওয়েকে চূড়ান্ত পর্বে জায়গা পেতে দেখা ছিল আনন্দের। এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মঞ্চে ওদের থাকাটা হবে দারুণ ব্যাপার। আশা করি, ওরা ভালো করবে এবং কিছু ম্যাচ জিতবে এবং প্রমাণ করবে যে, তারা সৌভাগ্যের জোরে এখানে আসেনি।”
“আমি মনে করি, নরওয়ের ফুটবলের ভবিষ্যত খুব ভালো। আমাদের একটি তরুণ, শক্তিশালী দল আছে যারা পরস্পরের সঙ্গে খেলা উপভোগ করে। আমাদের কয়েকজন মহাতারকাও আছে, যারা একসঙ্গে খেলতে পারে। আমার মতে, (বিশ্বকাপে) যেকোনো দলকে হারানোর সুযোগ থাকবে তাদের।”
শীতকালীন অলিম্পিকে নরওয়ের চূড়ায় থাকা, ফুটবল দলের বিশ্বকাপে ফেরা- রাড মনে করেন, এই ধরনের অর্জন যে কাউকেই অনুপ্রাণিত করবে।
“নরওয়েতে গলফ, টেনিস, নারী ফুটবলও সবসময় ভালো করে। গ্রীষ্মকালীন অলিম্পিকেও অনেক কিছুতে আমরা ভালো করি… আমরা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছি, নরওয়েজিয়ান হিসেবে (ক্রীড়াক্ষেত্রে) গত কয়েকটা বছর সত্যিই আনন্দে কেটেছে।”
২০১০ বিশ্বকাপের কথা মনে আছে রাডের। তার মনে দাগ কেটেছিল বিশ্বকাপের জন্য গাওয়া শাকিরার বিখ্যান গান ‘ওয়াকা, ওয়াকা।’ গত আসরের ফাইনালের কথাও অনেক দিন মনে থাকবে ২৭ বছর বয়সী টেনিস তারকার। উইম্বল্ডনের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় মাঠে উপস্থিত থেকে ম্যাচ দেখতে পারবেন কিনা নিশ্চিত নন তিনি। তবে নরওয়ের অন্তত একটি ম্যাচে গ্যালারিতে থাকতে চান রাড।
কঠিন গ্রুপে পড়লেও নরওয়ের পরের ধাপে যাওয়ার সম্ভাবনা দেখছেন রাড।
“আমি মনে করি, আমরা তৃতীয় স্থানের দল হিসেবে পরের ধাপে যেতে পারব, যদি আমরা ভালো করি। সেনেগাল কেবলই আফ্রিকান কাপ অব নেশন্স জিতেছে। বিশ্বকাপে (গত কয়েক আসরে) ফ্রান্সের রেকর্ড ভালো। আমি মনে করি, এটা ওদের (নরওয়ে) জন্য ভালো চ্যালেঞ্জ হবে।”
