২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপে-ভিনিসিউসদের আত্ম-সমালোচনা করতে বললেন রেয়াল কোচ

চ‍্যাম্পিয়ন্স লিগে হারের পর লা লিগায় পয়েন্ট হারানোয় উদ্বিগ্ন নন শাবি আলোন্সো, তবে সাবধানী।

এমবাপে-ভিনিসিউসদের আত্ম-সমালোচনা করতে বললেন রেয়াল কোচ
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে হলুদ কার্ড দেখেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 03:35 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

লিভারপুলের বিপক্ষে নিস্প্রভ ফুটবল খেলে হেরে যাওয়ার পর রায়ো ভাইয়েকানোর মাঠে ড্র- মৌসুমে দারুণ শুরুর পর বড় ধাক্কাই রেয়াল মাদ্রিদের জন‍্য। এতে অবশ‍্য উদ্বিগ্ন নন দলটির কোচ শাবি আলোন্সো। তবে খেলোয়াড়দের আত্ম-সমালোচনা করতে বললেন তিনি।  

লা লিগার ম‍্যাচে রোববার ভাইয়েকানোর মাঠে গোলশূন‍্য ড্র করেছে রেয়াল। এর আগে চ‍্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে হারে তারা। 

ভাইয়েকানোর বিপক্ষে গোলমুখে কার্যকর ছিলেন না কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়ররা। বদলি নেমে তেমন কিছু করতে পারেননি রদ্রিগো। ডি বক্সের বাইরে থেকে আচমকা শটে স্বাগতিক গোলরক্ষক আউগুস্তো বাতাইয়ার পরীক্ষা নেন আর্দা গিলের, ফেদে ভালভের্দেররা। সেরা সুযোগ পেয়েছিলেন ডিফেন্ডার রাউল আসেন্সিও। কিন্তু খুব কাছ থেকেও ব্রাহিম দিয়াসের ক্রস লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি।

পয়েন্ট হারালেও লা লিগার শীর্ষেই আছে রেয়াল। ১২ ম‍্যাচে প্রতিযোগিতার সফলতম দলটির পয়েন্ট ৩১। ২৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে বার্সেলোনা। 

ভাইয়েকানোর মাঠে টানা চার বছর লা লিগার ম‍্যাচে জয় পেতে ব‍্যর্থ হল রেয়াল। অতীত জেনে কঠিন লড়াইয়ের জন‍্য দলকে প্রস্তুত করেই খেলতে এসেছিলেন আলোন্সো

“আমরা কঠিন ম‍্যাচের জন‍্য তৈরি ছিলাম। এখানে খেলা আমাদের জন‍্য সবসময়ই কঠিন। রায়ো কঠিন পরীক্ষা নেয়। তারা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ম‍্যাচে গতিময় একটা উন্মত্ত ছন্দ চলে আসে।” 

লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে হারা ম‍্যাচে প্রথম পয়েন্ট হারিয়েছিল। গোলশূন‍্য ড্রয়ে ফের পয়েন্ট হারাল তারা। ভাইয়েকানোর মাঠে গোলের জন‍্য ২১ শট নিয়ে কেবল পাঁচটি লক্ষ‍্যে রাখতে পারে। স্বাগতিকদের গতিময় প্রতি আক্রমণ কয়েকবার ভীতি ছড়ায় রেয়ালের রক্ষণে। এই পারফরম‍্যান্সের পর খেলোয়াড়দের নিজের মুখোমুখি হতে বললেন আলোন্সো।

“আমরা নিজেদের প্রস্তুতিতে এবং মানসিকতায় স্থিতিশীলতা চাই। ম‍্যাচ ধরে এগিয়ে যায় লিগ। এখন কেবল নভেম্বর চলছে, আরও অনেক দীর্ঘ পথ বাকি। অবশ‍্যই নিজেদের কাছে আমাদের আরও বেশি কিছু দাবি করতে হবে, তবে সেটা সুবিবেচনার সঙ্গে।” 

গত মাসে ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল রেয়াল। তবে সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়েছে দলটি। বিশেষ করে অ‍্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে বাজে পারফরম‍্যান্সে। সেদিকে কান দিচ্ছেন না আলোন্সো।

“আমরা জানি, আমরা কারা। ভালো সময় এবং খারাপ সময়ে আপনার জানতে হবে কীভাবে ভারসাম‍্য বের করতে হয়। এটা একটা দীর্ঘ মৌসুম।”