২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

১৬ দিনেই ইতালির হাল ছেড়ে দিলেন মালদিনি, খবর গণমাধ্যমের

পুরুষ জাতীয় দলের নতুন কোচ খুঁজে ফেরার মাঝে এবার, ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদও শূন্য হয়ে পড়ল।

১৬ দিনেই ইতালির হাল ছেড়ে দিলেন মালদিনি, খবর গণমাধ্যমের
পাওলো মালদিনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 12:30 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

কক্ষচ্যুত স্বদেশের জাতীয় দলকে পথে ফেরানোর দায়িত্ব নেওয়ার ১৬ দিনের মাথায় সরে দাঁড়ালেন পাওলো মালদিনি! স্কাই স্পোর্ট ইতালিয়ার খবর, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

টানা তৃতীয় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর, জাতীয় দলকে সঠিক পথে ফেরানোর লক্ষ্যে, গত ১১ জুলাই গ্রেট ডিফেন্ডার মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয় দেশটির ফুটবল ফেডারেশন।

ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা ও বিশ্বকাপ জয়ী তারকা চার বছর এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা নিয়ে, জাতীয় দলেও একই দায়িত্ব নেন। মালদিনির উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তার ক্লাব সতীর্থ ব্রাজিলের লিওনার্দোকে।

গণমাধ্যমটির খবর, একই সঙ্গে লিওনার্দোও পদত্যাগ করেছেন। স্কাই স্পোর্টের বরাত দিয়ে রয়টার্সও খবরটি দিয়েছে।

পুরুষ জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে এমনিতেই জটিলতার মধ্যে আছে দেশটির ফুটবল সংস্থা। কার্লো আনচেলত্তি ও পেপ গুয়ার্দিওলা ‘না’ বলে দেওয়ার পর, সম্ভাবনা জাগে আন্দ্রেয়া পিরলোর দায়িত্ব নেওয়ার। কিন্তু রাশিয়ান একটি বেটিং কোম্পানির সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক থাকায়, সেই প্রক্রিয়াও ভেস্তে গেছে।

এর মাঝেই এলো মালদিনির আচমকা সরে যাওয়ার খবর।