মৌসুম শুরুর আগে স্তানিসিচকে হারাল বায়ার্ন
পায়ের চোটে কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারকে।
বায়ার লেভারকুজেনে ধারে গিয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে আসা ডিফেন্ডার ইয়োসিপ স্তানিসিচ চোট পেয়েছেন। পায়ের এই সমস্যায় কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারকে।
২০২৪-২৫ মৌসুমের অভিযান শুরুর লক্ষ্যে এখন প্রস্তুতি নিচ্ছে বায়ার্ন। সোমবার দলের অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পান তিনি। এতে তার লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে বায়ার্ন।
ক্লাবটির বিবৃতিতে অবশ্য ২৪ বছর ক্রোয়াট ফুটবলারের সেরে ওঠার কোনো সম্ভাব্য সময়ের কথা বলা হয়নি। তবে গণমাধ্যমের খবর, পুরোপুরি সুস্থ হয়ে তার ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে।
বায়ার্ন থেকে ধারে গত মৌসুমে লেভারকুজেনে গিয়ে দারুণ সফল সময় কাটান স্তানিসিচ। ক্লাবটির ইতিহাসে প্রথম বুন্ডেসলিগা জয়ের পথে রাখেন অবদান, পরে জেতেন জার্মান কাপও।
এই সপ্তাহান্তে মাঠে গড়াবে বুন্ডেসলিগার এবারের আসর। আগামী রোববার শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে বায়ার্ন, ভলফসবুর্কের মাঠে।
