২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি গ্রেট ট্যাম্বলিংয়ের জীবনাবসান

৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইংলিশ ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

চেলসি গ্রেট ট্যাম্বলিংয়ের জীবনাবসান
ববি ট্যাম্বলিং। ছবি: চেলসির এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 03:39 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন ববি ট্যাম্বলিং। মৃত্যুর সময় চেলসি গ্রেটের বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৫৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত চেলসির হয়ে ৩৭০ ম্যাচ খেলে ২০২টি গোল করেন ট্যাম্বলিং। দীর্ঘদিন স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির রেকর্ড গোলদাতা ছিলেন এই ফরোয়ার্ড। ২০১৩ সালের মে মাসে তার সেই রেকর্ড ভেঙে দেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক ম্যাচে গোল করার কীর্তি গড়েন ট্যাম্বলিং। ১৯৬৫ সালে চেলসির লিগ কাপ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফাইনালে লেস্টারের বিপক্ষে জালের দেখা পান তিনি।

দুই বছর পর এফএ কাপের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও গোল করেন ট্যাম্বলিং। যদিও ম্যাচটি হেরে যায় চেলসি। ১৯৭০ সালে ক্রিস্টাল প্যালেসে যোগ দেওয়ার আগে ইংল্যান্ডের হয়ে তিনটি ম্যাচ খেলেন তিনি।

ট্যাম্বলিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চেলসি, “এই কঠিন সময়ে ববির পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।”

রিপাবলিক অব আয়ারল্যান্ডে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ট্যাম্বলিং। আয়ারল্যান্ডের শহর কর্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। যেখানে স্থানীয় দল কর্ক সেল্টিক, কর্ক সিটি এবং ক্রসহেভেনের কোচের দায়িত্বও পালন করেন।

অনেকদিন ধরে ডিমেনশিয়া (ধীরে ধীরে স্মৃতি হারিয়ে যাওয়া) রোগে ভুগছিলেন ট্যাম্বলিং।