২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ কাম্প নউয়ে মেসি, ‘আশা করি, একদিন এখানে ফিরতে পারব’

২০২১ সালের অগাস্টে বার্সেলোনা ছাড়ার পর এই প্রথম প্রিয় আঙিনায় ফিরলেন ফুটবল জাদুকর।

হঠাৎ কাম্প নউয়ে মেসি, ‘আশা করি, একদিন এখানে ফিরতে পারব’
বার্সেলোনার সবুজ আঙিনায় লিওনেল মেসি। ছবি: মেসির ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 05:53 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামিকে মেজর লিগ সকারের কনফারেন্স সেমি-ফাইনালে তোলার পরের রাতেই হঠাৎ কাম্প নউয়ে হাজির লিওনেল মেসি। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর এই প্রথম প্রিয় আঙিনায় পা ফেললেন আর্জেন্টাইন মহাতারকা। ভবিষ্যতে আবার এখানে ফেরার আশার কথাও শোনালেন তিনি। 

কাম্প নউয়ে ফেরার নিজের বেশ কিছু ছবি সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। সঙ্গে বার্সেলোনা কিংবদন্তি লিখেছেন, এই আঙিনা তার কতটা আপন।

“গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরেছি, যেটা আমি খুব মিস করি। এমন একটি জায়গা, যেখানে আপনারা আমাকে হাজারবার অনুভব করিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আশা করি, একদিন এখানে ফিরে আসতে পারব এবং কেবল খেলোয়াড় হিসেবে বিদায় জানানোর জন্য নয়, যে সুযোগ আমি কখনও পাইনি।”

দুই বছরের বেশি সময় ধরে সংস্কার কাজ চলা কাম্প নউয়ে আপাতত খেলা হচ্ছে না। দফায় দফায় পিছিয়েছে এখানে ম্যাচ ফেরার সময়। গত শুক্রবার অবশেষে এখানে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বার্সেলোনার অনুশীলন সেশন। প্রায় ২৩ হাজার দর্শক হাজির হয় সেখানে।

সামনের আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ২২ নভেম্বর আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে কাম্প নউয়ে ফিরতে পারে বার্সেলোনা।

মেসি খেলোয়াড় হিসেবে শেষবার কাম্প নউয়ের সবুজে পা রেখেছিলেন ২০২১ সালের ১৬ মে, লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ২-১ ব্যবধানে হারে একটি গোল করেছিলেন তিনি। এর প্রায় তিন মাস পর এখানে কান্নাভেজা চোখে বার্সেলোনাকে বিদায় জানান দলটির রেকর্ড স্কোরার।

ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি। পরে বিভিন্ন সময়ে বলেছেন, খুব করেই স্প্যানিশ ক্লাবটিতে থেকে যেতে চেয়েছিলেন তিনি।

বার্সেলোনা ছাড়ার পর পিএসজি ঘুরে, ২০২৩ সালের জুলাই থেকে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিয়ানক। পুরনো ঠিকানায় ফেরার ইচ্ছার কথা তিনি আগেও প্রকাশ করেছেন। তবে সেটা খেলোয়াড় হিসেবে নাকি অন্য কোনো ভূমিকায়, তা কখনও স্পষ্ট করেননি রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।

বার্সেলোনায় দুই দশকের পথচলায় ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড-কীর্তি গড়েছেন মেসি। ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অসংখ্য। ফুটবলের সবুজ আঙিনায় উপহার দিয়েছেন জাদুকরি অনেক মুহূর্ত।